২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রীসহ আরও চার এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু

জাকির হোসেন, মোহাম্মদ হাবিব হাসান, নূরুল ইসলাম তালুকদার এবং আব্দুল ওদুদের দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে, বলেছেন দুদকের শাহরিয়াজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 08:34 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য জাকির হোসেনসহ আরও চার সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

বুধবার তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো. শাহরিয়াজ। 

দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তথ্য দিয়েছেন তিনি। 

দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়া অন্য সাবেক সংসদ সদস্যরা হলেন: ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ। 

গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ আমলের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। সেই অনুযায়ী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুদক কাজ শুরু করেছে।

এরই মধ্যে আওয়ামী লীগের তিন মেয়াদের সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির খোঁজ শুরু করেছে দুদক। তারা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত; কেউবা আওয়ামী লীগের আস্থাভাজন আমলা বা ব্যবসায়ী। 

শাহরিয়াজ বলেন, ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানা অনিয়মের মাধ্যমে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার ছেলে আবির হাসান তানিমের নামে কানাডার বেগমপাড়ায় ১৫ লাখ ৫০ হাজার কানাডিয়ান ডলারে বাড়ি ক্রয় ছাড়াও তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদকের গোয়েন্দা ইউনিট। 

নূরুল ইসলাম ও আব্দুল ওদুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানা অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক, বলেছেন শাহরিয়াজ।

অভিযোগ আছে, নুরুল ইসলাম তালুকদার বাকাদাহ খাড়িখনন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ কাজ সম্পন্ন না করে আত্মসাৎ করেছেন। রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি-ফ্ল্যাট ক্রয়সহ স্ত্রী ও নিজ সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়ার তথ্য পেয়েছে দুদক। 

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে নিজ নামে রৌমারী এলাকায় ১০ শতাংশ জমিসহ দোতলা বাড়ি; রৌমারী কুড়িগ্রামে ৩.২৮ একর জমিতে মার্কেট ও চাতাল রয়েছে; বিভিন্ন ব্যাংকে ও ব্যবসায় বিনিয়োগ রয়েছে।  তার নামে ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার  টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে কুড়িগ্রামে ২৬টি বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টে অর্ন্তভুক্তির জন্য অনুমোদন দেন তিনি।

৫ সেপ্টেম্বর দুদক বলেছিল, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও খুলনা-৬ আসনের সাবেক এমপি মো. আখতারুজ্জামান বাবুর দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করা হচ্ছে। 

এর আগে ২৫ অগাস্ট মন্ত্রীসহ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী সাতজনের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান শুরুর তথ্য দিয়েছিল দুদক। তারা হলেন- সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজী, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথ, ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদ, বরিশাল-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য শাহে আলম এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।