Published : 07 Apr 2026, 11:26 PM
বাংলাদেশ বার কাউন্সিলের ১৪ জন সদস্য নির্বাচনে আগামী ১৯ মে ভোট হবে।
মঙ্গলবার বার কাউন্সিল প্রচারিত এক গেজেট বিজ্ঞপ্তিতে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল ১০টা থেকে ১৬ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বার কাউন্সিল অফিসে দাখিল করা যাবে।
মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ চলবে ১৯ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ১৪ জন সদস্য নির্বাচিত হবেন। বার কাউন্সিলের সনদপ্রাপ্ত অ্যাডভোকেটদের মধ্য থেকে জেনারেল সিটে সাত জন এবং সাতটি গ্রুপ সিটের প্রত্যেকটির আওতায় স্থানীয় আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেটদের মধ্য থেকে একজন করে সাতজন সদস্য নির্বাচিত হবেন।
যারা বার কাউন্সিলের সনদপ্রাপ্ত এবং বার কাউন্সিল অনুমোদিত কোনো আইনজীবী সমিতির সদস্য, তারা ভোটার বলে গণ্য হবেন। বার কাউন্সিল আইন অনুযায়ী যাদের সনদ দেওয়া হয়েছে তারাও ভোটার বলে গণ্য হবেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলা আইনজীবী সমিতির প্রত্যেক ভোটার জেনারেল সিটের জন্য সাতটি ভোট দিতে পারবেন এবং গ্রুপ সিটের জন্য এলাকাধীন স্থানীয় আইনজীবী সমিতির প্রত্যেক ভোটার জেনারেল সিটের জন্য সাতটি ভোট ও সংশ্লিষ্ট গ্রুপ সিটের জন্য একটি করে ভোট দিতে পারবেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ছাড়া অন্য সকল আইনজীবী সমিতিকে লোকাল বা স্থানীয় আইনজীবী সমিতি হিসেবে ধরা হয়।
ভোটকেন্দ্র
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সকল জেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণে একটি করে কেন্দ্র এবং বাজিতপুর, ইশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাংগা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানি আদালতসমূহের প্রাঙ্গণে একটি করে কেন্দ্র থাকবে।