১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘন চিনি জব্দ

পণ্য খালাসের মুহূর্তে চালান জব্দ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 11:22 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

চীন থেকে ‘পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড’ আমদানির ঘোষণা দিয়ে আনা ৩৯ টন ঘন চিনি জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

পণ্য খালাসের মুহূর্তে চালানটি জব্দ করা হয় বলে সোমবার এনবিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিটফোর্ডের এস পি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ৬৩ টন পানি পরিষ্কারক পদার্থ হিসেবে ‘পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড’ আমদানির ঘোষণা দিয়ে ঘনচিনি আনে। গত ৪ অক্টেবার তিনটি কন্টেইনারে পণ্য আসে চট্টগ্রাম বন্দরে। কিন্তু গোপন খবরে খালাসের সময় সেগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

“কায়িক পরীক্ষায় ২৪ মেট্রিক টন ‘পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ও ৩৯ মেট্রিক টন ‘সোডিয়াম সাইক্ল্যামেট’ বা ঘনচিনি পাওয়া যায়।”

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হওয়ায় দেশে ঘনচিনি আমদানি ও ব্যবহার নিষিদ্ধ। মিষ্টিজাতীয় খাবার, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কনডেন্সড মিল্ক এবং শিশু খাদ্য তৈরিতে সাধারণ চিনির পরিবর্তে অনেকে এ উপাদানটি ব্যবহার করেন।