১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড়

“৩০০ ফিটে অনেক ভিড়, তাই নেতাকে দেখতে এখানে অপেক্ষা করছি,” বলেন একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

পূর্বাচলের ৩০০ ফিট সড়কে জনসমুদ্রে সংবর্ধনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে; সেখানেও তাকে একপলক দেখতে ভিড় করেছেন নেতাকর্মী ও সাধারণ মানুষেরা।

হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মীদের কেউ কেউ তারেক রহমানের ছবি সম্বলিত টিশার্ট পরে ও দলীয় পতাকা হাতে অবস্থান করছেন। হাসপাতালের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সেখানে যুবদলের এক কর্মী মো. জুলহাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেতার আগমন উপলক্ষে আমরা অনেক খুশি। নেতার জন্য অপেক্ষায়। আমাদের থানা থেকে অনেকে এসেছেন।”

বগুড়ার গাবতলী থেকে আসা সত্তরোর্ধ্ব আব্দুল হাই সকাল থেকেই এভারকেয়ারের সামনে অপেক্ষা করছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানি উনারা সম্ভ্রান্ত পরিবারের। তাদের সুনাম অনেক। ৩০০ ফিটে অনেক ভিড়, তাই নেতাকে দেখতে এখানে অপেক্ষা করছি।”

দেড় যুগের দীর্ঘ নির্বাসন ভেঙে দেশে পৌঁছেছেন বিএনপি নেতা তারেক রহমান। তার সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।