Published : 06 May 2026, 08:01 PM
দুর্নীতি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলা পর্যায়ে সর্বত্র প্রচারাভিযান চালাতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন বুধবার দুদক বিষয়ে কার্য অধিবেশন শেষে সংস্থার সচিব মোহাম্মদ খালেদ রহীম সাংবাদিকদের এ কথা বলেন।
দুদক সচিব বলেন, “দুদকের বর্তমান কাঠামোতে আমরা যে কাজগুলো করছি সে সম্পর্কে জেলা প্রশাসকদেরকে ধারণা দেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধমূলক যে কাজগুলো আছে, সেখানে জেলা প্রশাসকদের ভূমিকা আছে। বিশেষত দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে, সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে বলেছি।”
শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী প্রচারপত্র ও ‘সততা স্টোর’ চালুর বিষয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘সততা স্টোর’ আছে। এই স্টোরগুলো অনেক ক্ষেত্রেই খুব ভালোভাবে কাজ করছে না।
“ডিসিরা যখন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যান সেখানে এগুলো ভালোভাবে চলছে কিনা সেই জিনিসগুলো দেখবেন, কোথাও যদি সহযোগিতার দরকার হয়, সেগুলো আমাদেরকে বললে আমরা সহযোগিতা করব।”
মাঠ পর্যায়ে ইদানিং দুদক অথবা বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম ব্যবহার করে কিছু প্রতারণার অভিযোগ আসছে তুলে ধরে তিনি বলেন, “এই বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে একটু সতর্ক করেছি।
“এমনকি আমাদের কর্মকর্তাদের নাম দিয়েও যদি এ ধরনের কোনো প্রতারণা তারা চালায়, অবশ্যই তাৎক্ষণিকভাবে যেন আমাদের ১০৬ হটলাইন নম্বরে জানিয়ে দেওয়া হয়। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব।”