Published : 27 Jan 2026, 09:17 AM
ঢাকার পল্টনের একটি স্কুলে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক পবিত্র কুমার বড়ুয়ার পাঁচ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন রয়েছে মঙ্গলবার।
ঢাকার মহানগর হাকিম আদালতে দুপুরে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
‘শারমিন একাডেমিতে’ ভর্তি হওয়ার মাত্র সাত দিনের মাথায় শিক্ষকের হাতে ৪ বছরের এক শিশু নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার শিশুটির মা পল্টন থানায় একটি মামলা করেন।
মামলায় স্কুলের পবিত্র বড়ুয়া এবং তার স্ত্রী শারমিন জামানকে আসামি করা হয়। ঘটনা জানাজানি হলে স্কুল বন্ধ করে আসামিরা পালিয়ে যান।
শুক্রবার মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে পবিত্র কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়। তবে রিমান্ড আবেদন করেও তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. নুর ইসলাম আদালতে উপস্থিত না থাকায় রিমান্ড শুনানি হয়নি। শুনানি পিছিয়ে মঙ্গলবার রাখা হয়।
ওইদিন আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে পবিত্র কুমার কয়েকজন সাংবাদিককে বলেছিলেন, “পরিবেশ-পরিস্থিতির কারণে ঘটনাটা ঘটেছে। বিষয়টিকে ভাইরাল করার জন্য যেভাবে নির্যাতনের কথা বলা হচ্ছে, ওইভাবে তাকে মারা হয়নি।”

বুধবার থেকে ফেইসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, এক নারী স্কুল ইউনিফর্ম পরা শিশুটিকে টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে যান। কক্ষে ঢোকার মুহূর্তে শিশুটিকে চড়-থাপ্পড় দেওয়া হচ্ছিল। এরপর সেখানে বসে থাকা আরেকজনের কাছে অভিযোগের মতো কিছু বলছে বলে মনে হচ্ছে।
সোফায় বসিয়ে ভীতসন্ত্রস্ত শিশুটিকে বারবার চড় মারছেন এবং ধমক দিচ্ছিলেন ওই নারী। এক পর্যায়ে ওই পুরুষ ব্যক্তিটি একটি ‘স্ট্যাপলার’ হাতে শিশুটির কাছে এগিয়ে গিয়ে তার মুখে ‘স্ট্যাপল’ করে দেওয়ার ভান করে কয়েকবার চেপে ধরেন। ওই পুরুষ ব্যক্তিটি হাতের ইশারা দিয়ে শিশুটিকে বার বার থামতে বলছিলেন।
একপর্যায়ে পুরুষ ব্যক্তিটি কক্ষের বাইরে যান, আবার ফিরে এসে শিশুটির গলায় ধরে সোফায় চেপে ধরতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ঘটনাটি ১৮ জানুয়ারি দুপুর ১ টার দিকের। ৪ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার দিয়ে অনেকেই এই ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জড়িতদের শাস্তির পাশাপাশি স্কুলে পাঠানো শিশুদের অভিভাবকদের এ বিষয়ে আরো সচেতন হওয়ার কথা বলেছেন।
'ওইভাবে' শিশুটিকে মারা হয়নি: আদালতে পবিত্র কুমার
স্কুলে শিশু নির্যাতনের অভিযোগ ওঠা শিক্ষক গ্রেপ্তার
স্কুলে শিশু নির্যাতনে মামলা: আসামি ২ শিক্ষক পলাতক, স্কুল বন্ধ