Published : 08 Nov 2025, 12:09 PM
ঢাকার আজমপুরে সড়ক দুর্ঘটনায় একজনের নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
শনিবার ভোরে বিএনএস টাওয়ারের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার এসআই শাহিন মাহমুদ।
সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল মর্গে আসেন জানিয়ে শাহিন বলেন, “ইউসুফ হোসেন (৩৪) নামের ওই ব্যক্তি একজন ভ্যানচালক, যখন যেটা পান ভাড়ায় নেন। তবে কীভাবে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন, এখনো কেউ স্পষ্ট করেননি।”
মর্গের সামনে ইউসুফের স্বজন সাইদুল বলেন, “ভোরে ইউসুফ ভ্যানে করে মাছ নিয়ে উত্তরায় যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ইউসুফ কীভাবে দুর্ঘটনার শিকার হলেন তা তদন্ত করে বের করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহিন।
নিহত ইউসুফের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নাওয়াপাড়া গ্রামে। ঢাকায় থাকতেন উত্তরায়।