১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যান্ত্রিক ত্রুটিতে আড়াইশর বেশি যাত্রী নিয়ে রোমে আটকা বিমান

ওই ফ্লাইট থেমে থাকার কারণে ঢাকা থেকে রোম হয়ে টরেন্টো যাওয়ার বিজি-৩০৫ ফ্লাইটও বিলম্বিত হবে, বলছে বিমান কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 12:07 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

আড়াইশর বেশি যাত্রী নিয়ে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট।

বিমান কর্তৃপক্ষ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে উড়োজাহাজটিতে ‘কারিগরি ত্রুটির’ কথা লিখেছে।

যাত্রীরা বলছেন, কানাডার টরন্টো থেকে ছেড়ে এসে যান্ত্রিক ত্রুটির কারণে ইতালিতে জরুরি অবতরণ করেছে উড়োজাহাজটি।

ওই ফ্লাইটের একজন যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যান্ত্রিক ত্রুটির কবলে পড়ার পর যাত্রীদের লম্বা সময় বসিয়ে রাখা হয়। কর্তৃপক্ষ বলেছিল উড়োজাহাজটি ত্রুটি মেরামত শেষে গন্তব্যের পথে উড়াল দেবে। তবে বর্তমানে এটিকে গ্রাউন্ডেড ঘোষণা করা হয়েছে।”

রোমে আটকে পড়ার প্রায় ৮ ঘণ্টা পর ফ্লাইটের যাত্রীদের হোটেলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

বিমানের একজন কর্মকর্তা শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এয়ারক্রাফটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের এয়ারক্রাফট। কারিগরি ত্রুটি সারাতে বাংলাদেশ থেকে প্রকৌশলীদের একটি দলকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।”

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, “টরেন্টো–রোম–ঢাকা রুটে বিজি-৩০৬ ফ্লাইট পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়।

“যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণ নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।”

আটকে পড়া ফ্লাইটের হালনাগাদ সময়সূচিও যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে বিমান। যেকোনো প্রয়োজনে যাত্রীদের বিমানের হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

রোমে আটকে পড়া ফ্লাইটের বিলম্বকে ‘অনাকাঙ্ক্ষিত’ বর্ণনা করে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলে বিমানের ভাষ্য।

অপরদিকে ওই ফ্লাইট থেমে থাকার কারণে ঢাকা থেকে রোম হয়ে টরেন্টো যাওয়ার বিজি-৩০৫ ফ্লাইটও বিলম্বিত হবে বলে জানিয়েছে বিমান।

বিজি-৩০৫ শুক্রবার রাত ২টা ৫০ মিনিটে ঢাকা থেকে উড়াল দেওয়ার কথা থাকলেও সেটির যাত্রার সময় শনিবার দুপুর ১টার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। যাত্রীদের শনিবার সকাল ৯টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।