Published : 18 Jun 2026, 10:56 AM
বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ (উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি) বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিমন্ত্রী শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারত্ব, নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন এবং শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, “মানবিক সহায়তার চাহিদা বাড়লেও অর্থায়নের ঘাটতি দিন দিন প্রকট হচ্ছে। এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার প্রয়োজন রয়েছে।”
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তিনি আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন এবং মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
আগামী ১৮ জুন ইকোসকের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। একই দিনে তিনি জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক ও আন্ডার সেক্রেটারি জেনারেল সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।