১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোরিয়াগামী শ্রমিকদের ১৩ দিনের প্রশিক্ষণ শুরু

এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কর্মসূচির অধীনে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 05:49 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

দক্ষিণ কোরিয়া থেকে কাজের প্রস্তাব পাওয়া ১২৪ বাংলাদেশির প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার ঢাকার বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (বিকেটিটিসি) এ প্রশিক্ষণ শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৩ দিনের এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে ২০০৭ সালে সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কর্মসূচির অধীনে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বোয়েসল বলছে, কোরিয়াগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মস্থলে দ্রুত অভিযোজন এবং ইপিএস কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে এইচআরডি কোরিয়া সেন্টারের সহযোগিতায় কোরিয়াগামী সাধারণ ইপিএস কর্মীদের জন্য কোরিয়ান ভাষা ও সংস্কৃতি, আচরণ এবং কর্মসম্পাদন বিষয়ক ১০ প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে থ্রিডি (ডার্টি, ডিফিকাল্ট, ডেঞ্জারাস) ধরনের কাজের পরিবেশে দক্ষতার সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বোয়েসেলের নিজস্ব ওয়েল্ডিং ল্যাবে ওয়েল্ডিং ও গ্রিন্ডিং এবং শারীরিক ব্যায়াম বা শরীরচর্চা বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) একদিনের ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট’সুবিধা পাবেন।

জিটুজি পদ্ধতিতে বাংলাদেশ সরকারের পক্ষে বোয়েসেল এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে এইচআরডি কোরিয়া কর্মী নির্বাচন ও পাঠানোর কার্যক্রম পরিচালনা করে আসছে।

সেই ধারাবাহিকতায় ২০০৮ সাল থেকে দক্ষিণ কোরিয়ার নিয়োগকর্তাদের চাহিদার এ পর্যন্ত ৩৮ হাজার ১৮ জন বাংলাদেশি কর্মীকে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে।