১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রোজা: ঢাকার ২৫ স্থানে মিলবে ‘সুলভ মূল্যে’র দুধ, ডিম ও মাংস

ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও এ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোজা: ঢাকার ২৫ স্থানে মিলবে ‘সুলভ মূল্যে’র দুধ, ডিম ও মাংস
রোজার আগের দিন থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে কম দামে ডিম, দুধ ও মাংস বিক্রি শুরু হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 12:02 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

রোজার মাসে ঢাকার ২৫ স্থানে ‘সুলভ মূল্যে’ দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোজার আগের দিন থেকে ২৫ রোজা পর্যন্ত মোট ২৬ দিন এ কার্যক্রম চলবে।

এ সময় ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।

ঢাকায় যেসব এলাকায় এ কার্যক্রম চলবে, তার মধ্যে রয়েছে- সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন, নয়াবাজার (পুরান ঢাকা), উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), কালশী (মিরপুর), মানিকনগর গলির মুখ (যাত্রাবাড়ী), শাহজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), কামরাঙ্গীরচর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণ), নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা (কাঁচাবাজার), মোহাম্মদপুরের বাবর রোড ও বছিলা এলাকা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকার বঙ্গবাজার এলাকা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, রোজায় মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার করণীয় ঠিক করতে গত রোববার সভা করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তাতে সিদ্ধান্ত হয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিপণনের উদ্যোগ নেবেন।