২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিরাজুল ইসলাম মেডিকেলে গাড়ির ভেতর দুই লাশ

"নিহত একজনের নাম জাকির হোসেন (৪০), আরেকজন মিজান (৪২)। জাকিরের লাশ ছিল চালকের আসনে; পাশের আসনে ছিল মিজানের লাশ।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 11:17 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেজমেন্ট পার্কিংয়ে একটি গাড়ির ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা গাড়ির ভেতর দুজনের মরদেহ দেখে রমনা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা দুজনের লাশ পেয়েছি। একজনের নাম জাকির হোসেন (৪০), আরেকজন মিজান (৪২)। এর মধ্যে জাকিরের লাশ ছিল চালকের আসনে। পাশের আসনে ছিল মিজানের লাশ।”

তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

হাসপাতালকর্মীদের বরাত দিয়ে উপ কমিশনার সাংবাদিকদের জানান, সাদা রঙয়ের ওই প্রাইভেটকার রোববার ভোর সাড়ে ৫টার দিকে রোগী নিয়ে আসার কথা বলে মেডিকেলের পার্কিংয়ে প্রবেশ করে।  

এরপর থেকে গাড়িটি সেখানেই ছিল। সোমবার দুপুরে বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে আসে। ভেতরে লোক দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা থানায় খবর দেয়।

হাসপাতালে থাকা হুমায়ুন কবির নামে এক ব্যক্তির ভাষ্য, সেখানে তার ছেলে জোবায়েদের চিকিৎসা চলছে। তাকে নেওয়ার জন্যই জাকির গাড়ি নিয়ে হাসপাতালে আসেন। তার সঙ্গে মিজানও ছিল।  

নিজেকে নোয়াখালীর চাটখিলের বাসিন্দা দাবি করে হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনি নামের এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি বাড়ি ফেরার জন্য জাকিরের গাড়িটি ভাড়া নেন। রোববার তার ছেলের হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার কথা থাকলেও চিকিৎসকরা দেননি। কিন্তু এ তথ্য মনিকে জানানোর আগেই জাকির ভোরে গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসেন।   

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, "ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। এখনও বিস্তারিত জানা যায়নি।"

প্রাইভেটকারটির নম্বর প্লেটে ‘ঢাকা মেট্রো গ ৩৬-৩৭৪৫’ লেখা ছিল। 

এ নম্বর যাচাই করে পুলিশ জানতে পেরেছে, গাড়ির মালিকের নাম জোবায়ের আহমেদ সৌরভ।