১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সপ্তাহে দু’দিন ভার্চুয়াল কোর্ট: আইনজীবীদের প্রতিবাদ, বিক্ষোভ

আইনজীবীরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এর আগে তাদের নেতাদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হত। এবার কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত ‘চাপিয়ে’ দেওয়া হয়েছে।

সপ্তাহে দু’দিন ভার্চুয়াল কোর্ট: আইনজীবীদের প্রতিবাদ, বিক্ষোভ
সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে সাক্ষাৎ করেন আইনজীবীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 11:30 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণ দেখিয়ে সপ্তাহে দুই দিন সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইনজীবীরা। 

এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ‘সাধারণ আইনজীবী’ এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ সমাবেশে তারা বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এর আগে আইনজীবী নেতাদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হত। কিন্তু এবার কোনো আলোচনা ছাড়াই ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত ‘চাপিয়ে’ দেওয়া হয়েছে।

‘জ্বালানি সাশ্রয়ের যুক্তির’ সমালোচনা করে আইনজীবীরা বলেন, বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হয়েছে। কিন্তু তারা জেনেছেন, বিচারকরা এজলাসে বসেই ভার্চুয়াল কোর্ট পরিচালনা করবেন। সেখানে লাইট, ফ্যান ও এসি চলবে। তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে কীভাবে?

তারা বলেন, সরকারও বলছে, দেশে কোনো জ্বালানি সংকট নেই। এছাড়া ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হলে মামলা নিষ্পত্তিতেও ‘নেতিবাচক প্রভাব’ পড়বে।

অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে দাবি পেশ করার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

মানববন্ধনে আইনজীবী মো. শাহজাহান, সৈয়দ মামুন মাহবুব, তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ আলী, মো. সারোয়ার হোসেন, এ আর রায়হান ও নাজমুস সাকিব বক্তব্য দেন। 

বিক্ষোভের পর আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে সাক্ষাৎ করেন। সভাপতি বিষয়টি প্রধান বিচারপতিকে জানাবেন বলে আইনজীবীদের আশ্বস্ত করেন।

পরে সমিতির পক্ষ থেকে সাধারণ আইনজীবীদের আন্দোলনের বিষয়টি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আবু বকর সিদ্দিকীকে অবহিত করা হয়। তিনিও বিষয়টি প্রধান বিচারপতিকে জানাবেন বলেছেন।

১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ অনুসরণ করে সপ্তাহে দুইদিন হাই কোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হবে।