১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হোসেন হত্যা: হাসিনাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

আদালতে এসে দোয়া চেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 01:26 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেনকে গুলি করে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২৫ জুন দিন ঠিক করেছে আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম।

এদিন মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়। 

এ মামলায় বদিউল আলম নামে এক আসামি জামিনে ছিলেন। সম্প্রতি তিনি অন্য এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাকে এ মামলায় হাজির করতে হাজতি পরোয়ানার (প্রোডাকশন ওয়ারেন্ট) জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। তিনি অভিযোগ গঠনের শুনানি পেছাতেও আবেদন করেন। পরে ২৫ জুন শুনানির দিন ঠিক করে বদিউলের হাজতি পরোয়ানা জারি করে আদালত।

এদিন সকাল সাড়ে ৯ টার দিকে আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। 

প্রিজনভ্যান থেকে নামানোর পর তিনি সাংবাদিকদের বলেন, “হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন।”

দুই হাত তুলে বলেন, “দোয়া করবেন।”

তবে তাকে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে তা বলেননি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামের দুই ব্যক্তি।

হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তদন্ত করে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে গত ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান।

এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সাবেক প্রতিমন্ত্রী পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে আছেন।