১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনটিআরসিএ’র সামনে মানববন্ধন, চেয়ারম্যানের পদত্যাগ দাবি

“তার সঙ্গে (এনটিআরসিএ চেয়ারম্যান) বারবার যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনতে নারাজ; তাই আমরা তার পদত্যাগ চাই,” বলেন আন্দোলনকারী।

এনটিআরসিএ’র সামনে মানববন্ধন, চেয়ারম্যানের পদত্যাগ দাবি
ঢাকার ইস্কাটনে এনটিআরসিএ কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 09:07 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা।

ঢাকার ইস্কাটনে এনটিআরসিএর কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে মানববন্ধনে তারা এ দাবি তুলে ধরেন।

আন্দোলনকারীদের একজন রিজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভায় ২৩ হাজার প্রার্থীকে অনুত্তীর্ণ করা হয়েছে। আগে কোনো ভাইভাতে এতে প্রার্থী বাদ যাননি।

“আমরা আন্দোলন করার পর গত ১৫ জুন ১১৩ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। কিন্তু সেই নোটিশ প্রকাশিত হয়েছে ২৩ জুন। আমরা এসব অনিয়ম নিরসন চাই। আমরা ভাইভায় অংশ নেওয়া সব প্রার্থী সনদ চাই।”

অনুত্তীর্ণ আরেক প্রার্থী তুলি বলেন, “ভাইভায় ২৩ হাজার প্রার্থী বাদ পড়েছেন। আমরা গত ১৫ জুন থেকে আন্দোলন করছি। তার সঙ্গে (এনটিআরসিএ চেয়ারম্যান) বারবার যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনতে নারাজ। তাই আমরা তার পদত্যাগ চাই।”

চেয়ারম্যান মফিজুর রহমান বর্তমানে ছুটিতে আছেন। তার অবর্তমানে এনটিআরসিএর সদস্য মুহম্মদ নূরে আলম সিদ্দিকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পর্যায়ে রেকর্ডসংখ্যক প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন জমা পড়ে।

প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৫ মার্চ। এরপর গত বছরের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন, পাসের হার ২৪ শতাংশ।

দীর্ঘ ছয় মাস ভাইভা নিয়ে গত ৪ জুন ৬০ হাজার ৫২১ প্রার্থীকে চূড়ান্ত করে ফল প্রকাশ করে এনটিআরসিএ। অনুত্তীর্ণ ২৩ হাজার প্রার্থীদের একাংশ গত ১৫ জুন এনটিআরসিএর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাদের উত্তীর্ণ ঘোষণার দাবিতে আন্দোলন করছেন।

গত ১৫ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে আরও ১১৩ জনকে ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়, যা রোববার প্রকাশ করা হয়। ফলে উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ হাজার ৬৩৪ জন।

নতুন ১১৩ জন উত্তীর্ণ হওয়ার ব্যাপারে এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক কাজী কামরুল আহছানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “কারিগরি ত্রুটির কারণে তাদের ফল প্রকাশিত হয়নি।”