Published : 05 Feb 2026, 03:36 PM
রাজধানীর পল্লবী এলাকার একটি বিহারী ক্যাম্প থেকে দুই শিশুসহ এক পরিবারের চারজনের লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার মিরপুর ১১ নম্বরের ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, দুপুরে খবর পেয়ে পুলিশ একই বাড়ি থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করে।
তারা হল- মিরপুর ১১ নম্বর সেকশনের ওয়াপদা বিল্ডিং রোডের মো. ফরিদের ছেলে মাসুম (৩৫), তার স্ত্রী সুমি (৩০), তাদের দুই ছেলে আহসাব (২) ও মিনহাজ (৪)।
ওসি বলেন, ঘটনাটি সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনো সময় ঘটেছে।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, পরিবারটি ঋণগ্রস্ত ছিল। মাসুম রিকশা চালাতেন। তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বাকিদের মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে।