১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষণে থাকবে জাপানের ১৬ সদস্যের প্রতিনিধি দল

জাপানের ৩ জন ও দূতাবাসের আরও ১৩ কর্মকর্তা মিলিয়ে মোট ১৬ জন পর্যবেক্ষক দলে থাকবে বলে জানান জাপানি রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 05:18 PM

Updated : 18 Dec 2023, 05:19 PM

দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে জাপান একটি প্রতিনিধি দল থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে কিমিনোরি সাংবাদিকদের এ কথা জানান। 

জাপানের রাষ্ট্রদূত বলেন, “নির্বাচনে আমাদের পর্যবেক্ষক প্রতিনিধি পাঠানোর বিষয়ে কথা বলতে আমরা নির্বাচন কমিশনে এসেছি। মোট ১৬ জনের নিবন্ধন করেছি আমরা।” 

জাপানের ৩ জন ও দূতাবাসের আরও ১৩ কর্মকর্তা এই পর্যবেক্ষক দলে থাকবে বলে জানান তিনি। 

কিমিনোরি বলেন, “আমরা কীভাবে নির্বাচন পর্যবেক্ষণ করব, সে বিষয়ে কথা হয়েছে নির্বাচন কমিশনের সাথে। 

“নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আমরা তাদের (ইসি) সাথে আলোচনার মাধ্যমে জেনেছি। নির্বাচনের আগে-পরে আমাদের ভূমিকা নিয়ে বিস্তারিত কথা হয়েছে।“ 

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে একাধিকবার সিইসির সঙ্গে বৈঠক করেছে জাপানের রাষ্ট্রদূত।  

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৮ দল অংশ নিচ্ছে। এসব ও স্বতন্ত্র মিলিয়ে ভোটে অংশ নিচ্ছেন ১৮৯৬ জন প্রার্থী। বিএনপিসহ ১৫টি দল ভোটে আসেনি।