২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রথম শ্রেণিতে কোনো পরীক্ষা থাকছে না

শতভাগ ধারাবাহিক মূল্যায়ন করতে হবে শিক্ষার্থীদের।

প্রথম শ্রেণিতে কোনো পরীক্ষা থাকছে না

নতুন বছরের প্রথম দিনটি বই উৎসব হিসেবে উদযাপন হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 01:49 AM

Updated : 11 May 2023, 01:49 AM

পরিমার্জিত শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) অনুযায়ী, চলতি ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন করতে হবে। এই শ্রেণিতে হবে না কোনোরূপ প্রান্তিক (সাময়িক) পরীক্ষা। আর প্রাক-প্রাথমিক শ্রেণির কোনো মূল্যায়ন বা পরীক্ষাই গ্রহণ করা যাবে না।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড কমিশন) মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মূল্যায়নের বিষয়ে এমন সাতটি নির্দেশনা দিয়ে তা বাস্তবায়নের ব্যবস্থা করতে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি মাসে প্রথম প্রান্তিক মূল্যায়ন হওয়ার কথা। এটিকে সামনে রেখেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষপঞ্জি ২০২৩ এ উল্লিখিত মূল্যায়নের জন্য নির্ধারিত তারিখ অনুযায়ী বিভিন্ন প্রাপ্তিকের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা অফিসার রুটিন প্রণয়ন করবেন।

সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে বিষয় শিক্ষকের মাধ্যমে জ্ঞান,অনুধাবন ও প্রয়োগমূলক শিখনক্ষেত্র বিবেচনায় বিদ্যালয় বা ক্লাস্টারভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। মূল্যায়ন কার্যক্রম সম্পন্নের জন্য শিক্ষার্থী বা অভিভাবকগণের নিকট থেকে ফি গ্রহণ করা যাবে না।

বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র কম্পিউটারে কম্পোজ করে ফটোকপি করতে হবে। প্রশ্নপত্র ফটোকপি ও উত্তরপত্রসহ আনুষাঙ্গিক ব্যয় বিদ্যালয়ের আনুষাঙ্গিক খাত বা স্লিপ ফান্ড থেকে নির্বাহ করতে হবে।

এছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে কোভিড পরিস্থিতির অব্যবহিত পূর্বের নিয়মানুযায়ী মূল্যায়ন সম্পন্ন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।