২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফোনে ও চিঠিতে শেখ হাসিনাকে অভিনন্দন নরেন্দ্র মোদীর

আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের জয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

ফোনে ও চিঠিতে শেখ হাসিনাকে অভিনন্দন নরেন্দ্র মোদীর

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 09:35 PM

Updated : 08 Jan 2024, 09:38 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোটের পরদিন সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি; অভিনন্দন জানাতে টেলিফোনও করেছেন।

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠানোর কথা জানিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার ক্ষমতাগ্রহণে যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও নিবিড় সম্পর্ক দুদেশের অবিচল অংশীদারত্বের সবক্ষেত্রে গভীর হতে থাকবে। এটি প্রধানমন্ত্রী মোদীকে আত্মবিশ্বাসী করেছে।

বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে ভারত বাংলাদেশের উচ্চাকাঙ্খা ও প্রবৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখার কথা চিঠিতে বলেছেন মোদী।

চিঠিতে অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের জনগণের জন্য ভারতের প্রধানমন্ত্রী শুভকামনা জানিয়েছেন বলে উল্লেখ করেছে হাই কমিশন।

এদিন সন্ধ্যায় মাইক্রোব্লগিং সাইট এক্স এ এক পোস্টে টেলিফোনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর কথা লেখেন মোদী।

সেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং টানা চতুর্থ মেয়াদের ঐতিহাসিক বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছি।

“সফল নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের জনগণকেও আমি অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশের সঙ্গে অবিচল ও জনগণকেন্দ্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এক্স এ প্রধানমন্ত্রী মোদীর পোস্টের কয়েক ঘণ্টা আগে তার শুভেচ্ছা জানানোর বিষয়ে এক প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার গণভবনে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এক ভারতীয় সাংবাদিক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ভারত থেকে কী রকম শুভেচ্ছা বার্তা পেয়েছেন বা মোদীর সঙ্গে আলাপ হয়েছে কি না?

উত্তরে ১৯৭১ সাল থেকে ভারতের সঙ্গে ‘মহান’ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পঁচাত্তরের ১৫ অগাস্টের পর ভারতে আশ্রয় নেওয়ার কথা তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, “ভারতকে আমরা পাশের ঘরের প্রতিবেশী হিসেবে বিবেচনা করি এবং আমাদের অনেক সমস্যা আছে কিন্তু আমরা সেগুলো দ্বিপক্ষীয়ভাবে সমাধান করি।

“প্রতিবেশীর সঙ্গে আমাদের অসাধারণ সম্পর্ক রয়েছে এবং আপনারা জানেন সব দেশের সঙ্গে আমাদের রয়েছে ভালো সম্পর্ক। আমাদের নীতি হচ্ছে, সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা সেটাই মেনে চলি।”