Published : 08 Mar 2026, 11:35 PM
ইনকিবাল মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই আসামি প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) তথ্যে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হওয়ার কথা বলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
রোববার রাতে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে গ্রেপ্তার দুজনকে বাংলাদেশে কাছে হস্তান্তরের প্রক্রিয়া ‘শুরু’ হয়েছে।
এদিন ভারতের সংবাদমাধ্যম পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) বিজ্ঞপ্তির বরাতে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে।
প্রায় আড়াই মাস আগে ঢাকার পুলিশ তাদের ভারতে অবস্থানের দাবি করলেও তখন ভারত জোরালোভাবে তা অস্বীকার করেছিল।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ১৬ দিন পর ২৮ ডিসেম্বর এ মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর ভারতের মেঘালয়ে থাকছেন বলে দাবি করে। এমন দাবির মুখে ভারতীয় কর্তৃপক্ষ সেসময় সাফ জানিয়ে দেয় ফয়সাল তাদের দেশে নেই।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের কৌশলী গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে’ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার দুই প্রধান আসামিকে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে আটক করা হয়েছে।
তাদের মধ্যে ৩৭ বছরের রাহুল ওরফে ফয়সাল পটুয়াখালীর বাসিন্দা। ৩৪ বছরের আলমগীর ঢাকার বাসিন্দা।
আইএসপিআর বলেছে, “বিভিন্ন সোর্স থেকে জানা যায়, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর থেকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে।”
এসটিএফের বিজ্ঞপ্তির বরাতে রোববার সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআই’র প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসটিএফ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে নামে তারা। দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে পুলিশের কাছে ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে এসটিএফ বলছে, ফয়সাল ও আলমগীর বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। মেঘালয় সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ‘ফেরার উদ্দেশ্যে’ শেষ পর্যন্ত বনগাঁয় যায়।
এ বিষয়ে মামলা করা হয়েছে জানিয়ে এসটিএফ বলছে, রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গুলিবিদ্ধি হন ওসমান হাদি।
ওই সময়ের একটি ভিডিওতে দেখা যায় একটি মোটরসাইকেলে করে দুজন এসে কাছ থেকে হাদির মাথায় গুলি করেন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন ভারতে গ্রেপ্তার
অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল