১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বইমেলায় গুণিজন স্মৃতি পুরস্কার পাচ্ছে যেসব প্রকাশনী

বইমেলার সমাপনী অনুষ্ঠানে মনোনীতদের কাছে পুরস্কার তুলে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 10:17 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

চলতি বছরের অমর একুশে বইমেলা ঘিরে বাংলা একাডেমির চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান খান দাদাভাই, সরদার জয়েনউদ্দীন ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কারে মনোনীত প্রকাশনা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে মেলা পরিচালনা কমিটি।

রোববার বইমেলার সমাপনী অনুষ্ঠানে মনোনীতদের কাছে পুরস্কার তুলে দেওয়া হবে। এদিন মেলা শুরু হবে দুপুর ২টায় ও চলবে রাত ৯টা পর্যন্ত।

তালিকা অনুযায়ী ২০২৫ সালে প্রকাশিত বিষয় ও মানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য কথাপ্রকাশ পাচ্ছে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার।

গত বছর প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য ঐতিহ্য (প্রকাশয়তি: কালি—কলম আর কাগজের অড রিসার্চ: ফাউন্টেন পেন—আমিন বাবু), প্রথমা প্রকাশন (শিলালিপি: বাংলার আরবি—ফারসি প্রত্নলেখমালা—মুহম্মদ ইউসুফ সিদ্দিক) ও দি ইউনিভার্সিটি প্রেস লি পাচ্ছে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার।

গত বছর গুণমান বিচারে সর্বাধিক সংখ্যক শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য পাঞ্জেরী পাবলিকেশন্স রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার পাচ্ছে।

২০২৪ বা ২০২৫ সালে মেলায় যে সব প্রতিষ্ঠান প্রথম অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে মান বিচারে সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য সহজ প্রকাশ সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার পাচ্ছে।

এবারের মেলায় নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে ‘ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স’ ‘মাত্রা প্রকাশ’ ও ‘বেঙ্গলবুকস’ শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে।