Published : 21 May 2026, 09:10 PM
বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি উদ্ভাবননির্ভর ও জনমুখী অংশীদারত্ব গড়তে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ও মরক্কো।
মরক্কোর রাজধানী রাবাতে মঙ্গলবার এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়, প্ল্যাটফর্মটিকে আরও গতিশীল করতে ২০২৬ সালের নভেম্বরে মরক্কোর উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে।
“সফরকালে তারা অর্থনৈতিক অঞ্চল, শিল্পকেন্দ্র ও উদ্ভাবন হাব পরিদর্শনের মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সুযোগ অন্বেষণ করবেন।”
এটাকে সাউথ-সাউথ বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে ‘মাইলফলক’ অভিহিত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সঙ্গে আফ্রিকা, ইউরোপ ও বৈশ্বিক বাজারে মরক্কোর কৌশলগত অবস্থানকে সংযুক্ত করে বাণিজ্য, বিনিয়োগ ও সবুজ উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে।”
উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “এই প্ল্যাটফর্মের লক্ষ্য কেবল বাণিজ্য সম্প্রসারণ নয়; বরং হাই ভ্যালু, উদ্ভাবননির্ভর ও জনমুখী অংশীদারত্ব গড়ে তোলা, যা শিল্প বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর ও উভয় দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ, ১৫০টিরও বেশি দেশে ওষুধ সরবরাহকারী এবং তথ্যপ্রযুক্তি, চামড়া, সিরামিক, লাইট ইঞ্জিনিয়ারিং ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে দ্রুত বিকাশমান একটি কেন্দ্র।
তিনি মরক্কোর ব্যবসায়ী সমাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনার আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন এ প্ল্যাটফর্মে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের প্রসার অন্যতম অগ্রাধিকার হিসেবে গুরুত্ব পেয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশের পাটশিল্প বর্তমানে পরিবেশবান্ধব ও কার্বন-শোষণক্ষম পণ্য উৎপাদন করছে, যা বৈশ্বিক অটোমোটিভ ও ফ্যাশন শিল্পে ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে।”
প্রতিমন্ত্রী বলেন, “আফ্রিকার বিভিন্ন দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সীমিত করার উদ্যোগের ফলে পাটের মতো পরিবেশবান্ধব বিকল্পের বৈশ্বিক চাহিদা বৃদ্ধি পাবে, যা বাংলাদেশকে অন্যতম সরবরাহকারী হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত করবে।”
অনুষ্ঠান উপলক্ষে মরক্কোর চেম্বার প্রাঙ্গণে বাংলাদেশের পাটজাত পণ্যের একটি প্রদর্শনী আয়োজন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মরক্কান চেম্বার অব কমার্সের সভাপতি হাসান সাখি ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করেন।
রাবাতে বাংলাদেশ দূতাবাস এবং মরক্কোর চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরক্কোর প্রায় ৩০ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং বাংলাদেশের সাত সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল অংশ নেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফায়জুন্নেসা, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আবদুর রউফ মণ্ডল এবং শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাহেলা আক্তার উপস্থিত ছিলেন।