১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোরবানির পশু পরিবহন: ব্যানারে হাটের নাম-ঠিকানা লেখার নির্দেশ

চলতি বছর কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 04:08 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

কোরবানির পশু কোন হাটে বিক্রির জন্য পরিবহন করা হচ্ছে, সেই ঠিকানা লিখে ট্রাকের সামনে ব্যানার টানিয়ে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম সোমবার এক বিবৃতিতে এ নির্দেশনা দেন।

বিবৃতিতে বলা হয়, “সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুয়ায়ী দেশের যে কোনো স্থান থেকে কোরবানির পশু (গরু, ছাগল, মহিষ ইত্যাদি) ট্রাকে পরিবহন করার ক্ষেত্রে তা কোন হাটে বিক্রির জন্য নেওয়া হচ্ছে তা (হাটের নাম ও ঠিকানা) ট্রাকের সামনে অবশ্যই সুস্পষ্টভাবে ব্যানারে দৃশ্যমান করে লেখা থাকতে হবে। 

“যেন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণসহ রাস্তায় অন্য কারও মাধ্যমে বাধাগ্রস্ত বা অসুবিধার সম্মুখীন হতে না হয়।”

বিষয়টি যথাযথভাবে পালনের জন্য সব ট্রাক মালিক ও চালকদের দৃষ্টি আকর্ষণ করে পশু পরিবহনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন সাইফুল আলম।

কোরবানি ঈদের বাকি আছে অল্প কিছুদিন। ইতোমধ্যে সারাদেশের বিভিন্ন স্থানে পশুর হাট বসতে শুরু করেছে।

গত ৩ মে সচিবালয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছিলেন, চলতি বছর কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। অন্যদিকে কোরবানির চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি।

সে হিসেবে ২২ লাখ ২৭ হাজারের বেশি গবাদিপশু উদ্বৃত্ত থাকতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, “এ বছর কোরবানির পশু নিয়ে কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি পশুর হাট ইজারার জন্য প্রস্তুত করা হয়েছে বলেও সেদিন তথ্য দেন মন্ত্রী।