১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্প: ঢাকা জেলা প্রশাসনের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

দুর্ঘটনা সম্পর্কিত যে কোনো তথ্য আদান-প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 03:32 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ‘নিয়ন্ত্রণ কক্ষ’ খোলা হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে ‘কন্ট্রোল রুম’ খোলা হয়েছে।

দুর্ঘটনা সম্পর্কিত যে কোনো তথ্য আদান-প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের নম্বর

মোবাইল: ০১৭০০-৭১৬৬৭৮

ফোন: ০২-৪১০৫১০৬৫

জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুল হাসান বলেন, “ভূমিকম্পে ঢাকায় ৩ জন নিহত এবং ১৮ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া নগরীর বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি বলেন, জেলা প্রশাসন পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম নিচ্ছে।