Published : 07 Dec 2025, 02:06 PM
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর আব্দুল গণি রোডে ‘শিক্ষা ভবনের’ সামনে অবস্থান নিয়েছেন সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার দুপুরে ১টার দিকে তারা ‘শিক্ষা ভবনের’ সামনে অবস্থান নেন।
এর আগে নিজ নিজ কলেজের ক্যাম্পাস থেকে এসে তারা নীলক্ষেত মোড়ে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে এসে তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয় ‘শিক্ষা ভবনের’ সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীদের এ কর্মসূচি ঘিরে সচিবালয় ও শিক্ষা ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাই কোর্ট মোড় থেকে সচিবালয়গামী সড়ক ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ।
সাত কলেজেকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অধ্যাদেশ জারির একদফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটির সামনে থেকে প্রস্তাবিত শব্দটি উঠে যাচ্ছে, ততক্ষণ আমরা কর্মসূচি চালিয়ে যাব।”
‘প্রয়োজনে লাগাতার কর্মসূচি চলবে’ বলে হুঁশিয়ার করে মো. নাঈম বলেছেন, তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন
“শিক্ষা সিন্ডিকেটের হাত থেকে সাত কলেজকে মুক্ত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তর করতেই হবে।”
অধ্যাদেশ জারির দাবিতে রোববার শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি গত বুধবার ঘোষণা করেছিলেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের কার্যক্রম যখন চলছে, তখন এর আশু কাঠামো নিয়ে কলেজগুলোর শিক্ষকরা ও শিক্ষার্থীদের কয়েকটি অংশ মুখোমুখি অবস্থান নিয়েছেন।
গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ বা 'স্কুলিং' কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী কলেজগুলো উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসাবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মত মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কায় আছেন। তারা কলেজগুলোর স্বাতন্ত্র বজায় রেখে 'অধিভুক্তিমূলক কাঠামোতে' নতুন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
আর কলেজগুলোর বর্তমান শিক্ষার্থীদের একাংশ নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে অধ্যাদেশ জারির দাবি জানাচ্ছেন।
অপর দিকে উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের একাংশ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মতই প্রস্তাবিত কাঠামোর বিরোধিতা করে বলছেন, স্কুলিং কাঠামোতে কলেজগুলোর স্বাতন্ত্র বজায় থাকবে না।
এই দাবিতে এদিন শাহবাগ মোড় আটকে বিক্ষোভ দেখিয়েছেন উচ্চমাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষার্থী।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: 'স্কুলিং কাঠামো' বাতিল চেয়ে আধাঘণ্টা শাহবাগ অবরোধ