Published : 07 Dec 2025, 01:32 PM
রাজধানীর সাত কলেজ নিয়ে গঠন হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত 'স্কুলিং কাঠামো' বাতিল করার দাবিতে শাহবাগ মোড় আটকে বিক্ষোভ দেখিয়েছেন উচ্চমাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষার্থী।
তবে সেখানে আধাঘণ্টা জমায়েত হওয়ার পর ওই এলাকা ছেড়ে দেন তারা।
রোববার সকাল থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি তোলেন।
পরে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। সেখানে আধাঘণ্টার বেশি সময় বিক্ষোভ দেখিয়ে পৌনে ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।
এ সময় 'স্কুলিংয়ের পক্ষে যারা, সত্যিকারের দালাল তারা'; 'তুমি কে আমি কে, ইন্টার ইন্টার'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের একজন বলেন, “প্রস্তাবিত ইউনিভার্সিটির খসড়ায় বলা হয়েছে, ইউনিভার্সিটি গঠনের আগ পর্যন্ত উচ্চমাধ্যমিক অক্ষুন্ন থাকবে। তাহলে বিশ্ববিদ্যালয় এ প্রস্তাবিত স্কুলিং কাঠামোতে প্রতিষ্ঠিত হলে কলেজগুলো স্বাতন্ত্র হারাবে।
“আমরা বিষয়টি নিয়ে বারবার শিক্ষা মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছি, কিন্তু তারা আমাদের কোন উত্তর দেয়নি।"
শিক্ষার্থীদের ওই বিক্ষোভে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই সড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়;এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কের চলাচলকারীরা।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের কার্যক্রম যখন চলছে, তখন এর আশু কাঠামো নিয়ে কলেজগুলোর শিক্ষকরা ও শিক্ষার্থীদের কয়েকটি অংশ মুখোমুখি অবস্থান নিয়েছেন।
গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ বা 'স্কুলিং' কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী কলেজগুলো উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসাবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মত মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কায় আছেন। তারা কলেজগুলোর স্বাতন্ত্র বজায় রেখে 'অধিভুক্তিমূলক কাঠামোতে' নতুন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
আর কলেজগুলোর বর্তমান শিক্ষার্থীদের একাংশ নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন। এ দাবিতে রোববার শিক্ষা ভবনের সামনে তারা অবস্থান নেবেন বলে ঘোষণা দিয়েছেন।
অপর দিকে উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের একাংশ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মতই প্রস্তাবিত কাঠামোর বিরোধিতা করে বলছেন, স্কুলিং কাঠামোতে কলেজগুলোর স্বাতন্ত্র বজায় থাকবে না।