০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাই: ৪ আসামি রিমান্ডে

চার দিন আগে ধানমন্ডির ১২ নম্বর সড়কে আট-দশ জন এসে অস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৮ লাখ ছিনিয়ে নেন।

অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাই: ৪ আসামি রিমান্ডে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 07:04 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

ঢাকার ধানমন্ডিতে অস্ত্রের ভয় দেখিয়ে ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার চার আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের রিমান্ডের আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মো. শরীফুজ্জামান জানিয়েছেন।

ছিনতাইয়ের মামলায় তিন আসামি মজিবুর রহমান, জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির এবং কবির হোসেনের দুদিন রিমান্ড দেওয়া হয়েছে। আর ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় তানভীর আবেদীন বাবু ওরফে খোকনকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।

ধানমন্ডি ১২ নম্বর সড়ক ধরে গত ৩০ আগস্ট দুপুরে মো. খোরশেদ আলম নামে এক বেকারি ব্যবসায়ী ৩৮ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। তখন আট-দশ জন এসে অস্ত্র দেখিয়ে তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয় বলে মামলায় অভিযোগ করেন সেই ব্যবসায়ী।

এসময় খোরশেদের চিৎকারে আশেপাশের লোকজন ও পুলিশ এসে ধাওয়া করে মজিবুর রহমান ও তানভীর আবেদীনকে আটক করে। পরে তানভীরের শরীরে তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও চারটি গুলি পাওয়া যায়।

মজিবুরের দেওয়া তথ্যে দক্ষিণখান থানা এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে কবিরকে গ্রেপ্তার করা হয় নিউ মার্কেট এলাকা থেকে।

ছিনতাইয়ের অভিযোগে খোরশেদ আলম এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় ধানমন্ডি থানার এসআই সাইফুল ইসলাম ৩১ অগাস্ট মামলা করেন।

সেদিনই আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই বাবন উদ্দিন এবং একই থানার আরেক এসআই জালাল উদ্দিন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বুধবার তারিখ রাখেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মো. শরীফুজ্জামান বলেন, আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। পরে অস্ত্র উদ্ধারের মামলায় তানভীরের চার দিন এবং ছিনতাইয়ের মামলায় অপর তিন আসামিকে দুই দিনের রিমান্ড দেয় আদালত।