১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউনূসের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব

ইতালির রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য শিগগিরই পুনরুজ্জীবিত হবে।

ইউনূসের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব
ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 06:29 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

বাংলাদেশের পুলিশ বাহিনীর সংস্কারে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইতালি। 

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে এই প্রস্তাব দেন।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতে রাষ্ট্রদূত আনুষ্ঠানিক অভিবাসন ব্যবস্থার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রস্তাবও দেন।

তাদের আলোচনায় ইতালিতে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্যি সহযোগিতা এবং পুলিশ সংস্কারের বিষয় আলোচনায় প্রাধান্য পায়।

এক সপ্তাহ আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়া মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একান্ত বৈঠক করেছিলেন।

সেই বৈঠকে ইউনূস ইতালিতে বাংলাদেশ থেকে বড় আকারের আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান।  

আর মেলোনি অনিয়মিত অভিবাসন কমাতে উভয় দেশের একসঙ্গে কাজ করার কথা বলেছিলেন।

রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, “আমরা বাংলাদেশের অভিবাসীদের সুরক্ষা দিতে চাই। নিয়মিত অভিবাসনের প্রক্রিয়া আরও উন্নত করতে আমাদের কাজ করতে হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করে ইতালির পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশ বাহিনীর সংস্কারে সহায়তার প্রস্তাব দেন তিনি।

“আমাদের পুলিশ বাহিনী অন্যান্য অনেক দেশেও এ ধরনের সহযোগিতা করে থাকে,” এ সময় বলেন রাষ্ট্রদূত।

ইতালির রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য শিগগিরই পুনরুজ্জীবিত হবে। 

বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৫ বিলিয়ন ডলার।

এছাড়া ইতালির দূতাবাস শিগগিরই ঢাকায় একটি চলচ্চিত্র উৎসব ও ব্যালে অনুষ্ঠানের আয়োজন করবে বলেও তিনি জানান।