১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ছুটি শেষ, যাত্রী-যানবাহনে ব্যস্ত হচ্ছে রাজধানী

বিভিন্ন সড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট সেভাবে দেখা যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 11:09 AM

Updated : 26 Aug 2026, 01:11 PM

লম্বা ছুটি ঘিরে কোরবানির ঈদের দুদিন আগে থেকে ফাঁকা হতে শুরু করেছিল ঢাকা। টানা দশদিনের ছুটি পেয়ে ঈদ করতে যারা যারা ঢাকা ছেড়েছিলেন, তাদের বেশিরভাগই রাজধানীতে ফিরে এসেছেন। তাই এই শহরও মানুষের চলাচলা ও ব্যস্ততায় চেনা রূপে ফিরতে শুরু করেছে।

রোববার খুলেছে অফিস আদালত, ব্যাংক পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব অফিস। তাই ঢাকায় বেড়েছে কর্মব্যস্ততা। 

তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ থাকায়, বিভিন্ন সড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট সেভাবে দেখা যায়নি। 

একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা আহসান হাবিব বলছেন, মোহাম্মদপুর থেকে মতিঝিল আসতে আধা ঘন্টার মত সময় লেগেছে তারা। অন্যদিন যেখানে লেগে যায় কমপক্ষে এক ঘণ্টা।

ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায় অনেকগুলো স্কুল-কলেজ, সেগুলো বন্ধ থাকায় রাস্তাগুলো মোটামুটি ফাঁকাই ছিল বলা যায়। 

রাজধানীর শ্যামলী, কলেজ গেইট, আসাদগেইট হয়ে ফার্মগেইট সড়কে যানবাহনের চাপ থাকলেও সিগন্যালে তা বেশিক্ষণ আটকে থাকছে না। 

এলিফেন্ট রোড থেকে মহাখালীর আমতলীর পথে যাতায়াতকারীদেরও যানজটের ভোগান্তির শিকার হতে হয়নি। 

মিরপুর থেকে মাওয়া চলাচলকারী স্বাধীন পরিবহনের চালক ইয়াসিন বলছেন, "ঢাকায় ঢুকতেই কষ্ট হইছে, অনেক সময় লাগছে। গুলিস্তানের দিকেও যানজট ছিল। কিন্তু এরপর মিরপুরের দিকে আসছি রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল।"

সকালে আগারগাঁও থেকে গুলশানে অফিসে গেছেন আফরিন সুলতানা। 

তিনি বলেন, "মহাখালীর দিকে কিছুটা যানজট পেয়েছি। মহাখালী থেকে গুলশানের পথে গাড়ির চাপ ভালই ছিল। তবে সেটাকে যানজট বলা যাবে না।"

ভাড়ায় কার চালক মো, শাকিল বলছেন, "গুলশান থেকে ফার্মগেইট আইলাম। অন্যদিনের মত যানজট নাই, তবে গাড়ি ধীরে চলতেছে।"

কোরবানির ঈদ উদযাপিত হয়েছে ৭ জুন। ঈদের আগে ৫ জুন থেকে পরবর্তী ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে সরকার। সরকারি ছুটিকে অনুসরণ করে ব্যাংক, এনজিওসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বাড়তি ছুটি দেয় ঈদ উপলক্ষে।