১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আন্দোলনেও অনড় সরকার, বুধবারের এইচএসসি পরীক্ষা চলবে

“পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে,” বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 12:29 AM

Updated : 11 Sep 2026, 03:39 PM

এইচএসসি পরীক্ষা পেছানোসহ তিন দাবিতে মঙ্গলবার দিনভর সড়ক আটকে আন্দোলন হলেও বন্যাকবলিত চট্টগ্রাম বিভাগ বাদে অন্যান্য জেলায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় সরকার।

মঙ্গলবার রাত ১০টার দিকে ফেইসবুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

“আজ (মঙ্গলবার) সকালেও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। সর্বসম্মত মতামত এসেছে যে, চট্টগ্রাম বোর্ড ব্যতীত দেশের সকল বোর্ডের পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ বিদ্যমান। তবে একইসঙ্গে সীমিত সংখ্যক হলেও যেকোনো শিক্ষার্থীর ভোগান্তি কোনোভাবেই কাম্য নয় এবং সেক্ষেত্রে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা রয়েছে।”

আন্দোলনকারীরা বুধবারের পরীক্ষা স্থগিত নাহলে সচিবালয় অভিমুখে ‘লং মার্চের’ হুঁশিয়ারি দিলেও এদিনের পরীক্ষাও নেওয়া হবে।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু চট্টগ্রাম বিভাগ ও এই বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের ও এলাকার এইচএসসি ও সমান পরীক্ষা চলবে বলে সোমবার রাতে ঘোষণা এসেছে। আবহাওয়ার পরিস্থিতিও ভালো। বুধবার চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের পরীক্ষা না হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।”

বুধবার চট্টগ্রাম ছাড়া নয়টি সাধারণ বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিন চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া অন্য জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ ও ২, ভোকেশনালের উচ্চতর গণিত ১ ও ২ এবং ডিপ্লোমা ইন কমার্সের উচ্চতর হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

এদিকে বুধবারের পরীক্ষা নিয়ে মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত নতুন করে কোনো ঘোষণা দেয়নি শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

তবে মঙ্গলবার কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের পরিবেশ আছে বলে স্থানীয় প্রশাসন প্রতিবেদন পাঠিয়েছে।

কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

রাতে পরীক্ষার বিষয়ে জানতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সঙ্গে একাধিকবার টেলিফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

টেলিফোনে সাড়া দেননি শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ন্ত্রকদের মোর্চা আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তসলিমা বানুও।