Published : 25 Jul 2026, 10:16 PM
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকীর আয়োজনে যোগ দিতে মালে সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিন দিনের সফরের প্রথম দিন শনিবার দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সান্ধ্যকালীন চা-চক্রে যোগ দেন তিনি।
এর আগে ফিলিপিন্স থেকে মালদ্বীপে পৌঁছলে তাকে বিমানবন্দরে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম অ্যাডাম।
মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, ২৬ জুলাই মালদ্বীপের স্বাধীনতা দিবসের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী অ্যাডামের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরো শক্তিশালী করা, বিস্তৃত দ্বিপক্ষীয় সহযোগিতার পর্যালোচনা এবং পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়ানোর ওপর সফরের আলোচনায় জোর দেওয়া হবে।
“আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করবেন এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে অব্যাহত সহযোগিতা চালু রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।”
২০২৬ সালের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলের এটি প্রথম মালদ্বীপ সফর। এই সফরকে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে ‘তাৎপর্যপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়।