১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নকল ধরায় শিক্ষককে মারধরের মামলায় একজন গ্রেপ্তার

মামলায় শরীফুল ইসলাম ও রাসেল মিয়া ছাড়াও অজ্ঞাত ছয় থেকে সাতজনকে আসামি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 11:52 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ঢাকার তেজগাঁও কলেজে এলএলবি পরীক্ষার হলে নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ৩৪ বছর বয়সী রাসেল মিয়া এ ঘটনায় প্রধান অভিযুক্তদের একজন এবং মামলার দ্বিতীয় আসামি।

বুধবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন শেরেবাংলা নগর থানার এসআই মো. ফয়জুল্লাহ।

তিনি বলেন, “আরেক প্রধান অভিযুক্ত শরীফুল ইসলামসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

গেল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষা চলাকালে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে সম্মিলিতভাবে হলে দায়িত্ব পালন করা এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠে। ঘটনার দিন ওই কেন্দ্রে ‘আইডিয়াল ল কলেজের’ পরীক্ষা চলছিল।

মারধরের শিকার হওয়া সোহেল রানা তেজগাঁও কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক। এ ঘটনায় তিনি সোমবার শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলায় শরীফুল ইসলাম ও রাসেল মিয়া নামের দুই শিক্ষার্থীসহ নাম না জানা আরও ৬-৭ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে সোহেল রানা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেদিন হলে বেশ কয়েকজন নকল করে পরীক্ষা দিচ্ছিল। এরমধ্যে দুজনকে তিনি হাতেনাতে ধরে ফেলেন। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা পরিচালনা কমিটির লোকজন এলে ওই দুইজনকে বহিষ্কারের সুপারিশ করার সিদ্ধান্ত হয়।

এর জেরে পরীক্ষা শেষে বেরিয়ে যাওয়ার সময় ওই শিক্ষককে ‘কিল-ঘুষি’ মেরে জখমের অভিযোগ করেন তিনি। 

এসময় অন্য শিক্ষকরা এগিয়ে এলে শিক্ষককে ‘প্রাণে মেরে ফেলাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি’ দিয়ে মারধরকারীরা চলে যান বলে মামলায় বলেছেন তিনি।