০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের আরও ১৬ কোটি টাকা অবরুদ্ধ

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের আরও ১৬ কোটি টাকা অবরুদ্ধ
২০১৬ সালে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠকে শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2025, 05:07 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকাসহ একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম এনসিসি ব্যাংকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের নামে থাকা এই ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র ‘হস্তান্তর বা স্থানান্তরের’ চেষ্টা করছেন। সে কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের এই হিসাবটি অবরুদ্ধ করা প্রয়োজন মনে করছে দুদক।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভাপতির দায়িত্বে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তার আগে ১১ মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের নামে যে ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে একই আদালত। 

এসব হিসাবে অবরুদ্ধ টাকার পরিমাণ ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা, যার মধ্যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ৩২টি হিসাবে রয়েছে ৪৭৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ২৬৪ টাকা।

সেদিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছ আদালত।

অন্যরা হলেন, শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তার তিন ছেলেমেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক।

এর আগে গত ১৮ মার্চ শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। এসব হিসাবে ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে।