Published : 12 Mar 2026, 11:39 PM
অমর একুশে বইমেলায় হাজারো বইয়ের পসরা সাজিয়ে বসেছে পাঁচ শতাধিক প্রকাশনা সংস্থা। গল্প, কবিতা, উপন্যাসের পাশাপাশি মেলায় এসেছে বিভিন্ন প্রবন্ধের বইও। ঈদের আগেই আগামী রোববার পর্দা নামবে এবারের মেলার।
শেষ দিনগুলোতে সাধারণত ক্রেতারা তালিকা নিয়ে এসে বই কেনেন। এবার সেই চিত্র কিছুটা কম দেখা গেলেও কেউ কেউ আসছেন।
টাঙ্গাইল থেকে মেলায় এসে তালিকা নিয়ে পছন্দের বই কিনছিলেন স্থানীয় একটি স্কুলের শিক্ষক আব্দুর রহিম মোল্লা। বলেন, "আমি প্রতি বছরই মেলা থেকে বই কিনি। আমার একটা ব্যক্তিগত পাঠাগার আছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গল্প, উপন্যাসের পাশাপাশি তিনটি প্রবন্ধের বই কিনেছেন তিনি।
“আমার মেয়ে দুটি বইয়ের নাম বলে দিয়েছে। ওর জন্য কিনেছি। আর আমার জন্য তিনটি বই কিনেছি।"
মেলায় ঘুরে কয়েকটি প্রকাশনা সংস্থার বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধ্রুপদী বই এবং প্রবন্ধের বইয়ের বিশেষ শ্রেণির পাঠক আছেন। তারা এসে হুমায়ূন আহমেদ, হুমায়ূন আজাদসহ অনেক লেখকের পুরনো বইও খোঁজেন।
আগামী প্রকাশনী থেকে হুমায়ূন আজাদের পুরনো বইগুলোর বিক্রি এখনো ভালো হওয়ার তথ্য দেন বিক্রয়কর্মীরা।
সময় প্রকাশনের বিক্রয়কর্মীরা বলেন, তাদের এখানে জাফর ইকবালের বই ভালো বিক্রি হচ্ছে। তার একটি নতুন বইও এসেছে।
মাওলা ব্রাদার্সের বিক্রয়কর্মী হাসনাত কবির বলেন, এবারের মেলায় পাঠক কম এসেছেন। তবে যারা এসেছেন তাদের অনেকেই বই কিনেছেন। জনসমাগম কম থাকার কারণে বইপ্রেমীরা স্বাচ্ছন্দে তাদের পছন্দের বই সংগ্রহ করতে পারছেন।

প্রবন্ধের বইয়ের প্রতি বিশেষ শ্রেণির পাঠকের আগ্রহ আছে মন্তব্য করে তিনি বলেন, “এবার প্রবন্ধের বই কম এসেছে। তবে যেগুলো এসেছে, সেগুলো ভালো বিক্রি হচ্ছে।”
প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ সংকলন ‘বিচ্ছিন্নতায় অসম্মতি’র মূলভাব বইটি নতুনভাবে বের করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। ২০১৪ সালে এই প্রবন্ধগুলো নিয়ে বই বের করেছিল বিদ্যাপ্রকাশ।
পাঞ্জেরী থেকে তানভীর মোকাম্মেলের ‘নির্বাচিত প্রবন্ধ’ নামে একটি বইও বেরিয়েছে। দেশে বিকল্প ধারার চলচ্চিত্র নিয়ে কাজ করাদের অন্যতম এ চলচ্চিত্রকারের এই বইয়ে ১২টি প্রবন্ধ রয়েছে। বিষয়ের মধ্যে রয়েছে–বাঙালির সংস্কৃতি, চলচ্চিত্র, শিক্ষা, সাহিত্য এবং বামপন্থী রাজনৈতিক চিন্তাধারা।
দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে এসেছে ইসরাইল খানের সংগ্রহ ও সম্পাদনায় ‘সাময়িকপত্রে হিন্দু-মুসলিম সম্পর্ক (১৯০১-৪৭)’ বইটি। ১৯০১-৪৭ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে হিন্দু-মুসলিম সম্পর্কের দলিল এই বই। সে সময়ের বিভিন্ন পত্রিকায় ছাপা হওয়া কিছু প্রবন্ধ সংকলিত হয়েছে এতে। সওগাত, বুলবুল, মোহাম্মদী, শিখা, নবনূর, প্রবাসীসহ তখনকার বিখ্যাত সাময়িকপত্রে লেখা প্রবন্ধ থেকে বাছাই করা হয়েছে লেখাগুলো।
ভাষাচিত্র থেকে এসেছে অসীম চক্রবর্তীর সম্পাদনায় ‘ধামাইল উৎসের সন্ধানে’। ভাষাচিত্রের বিক্রয়কর্মী তাহসিন বলেন, তাদের স্টলে নতুন ছয়টি প্রবন্ধের বই এসেছে।
মাওলা ব্রাদার্স এনেছে বাংলাদেশের সমকালীন শিল্প, সাহিত্য, আলোকচিত্র, চলচ্চিত্র এবং ফ্যাশন বিষয়ে বিশ্লেষণ নিয়ে বই ‘ক্রিটিক্যাল শিল্প ও সাহিত্যতত্ত্ব’। সম্পাদনা করেছেন মাসউদ ইমরান।
এছাড়া অর্থনীতিবিদ ও লেখক সেলিম জাহানের প্রবন্ধ সংকলন ‘বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ বইটিও এনেছে প্রকাশনী সংস্থাটি।
নবসাহিত্য প্রকাশনী এনেছে মাসুদুজ্জামান শান্তর ‘কালচার: মানুষের ভিতরের সভ্যতা’, পিয়াল প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স আকমল হোসেন খোকনের ‘গদ্যসর্বস্ব’, চন্দ্রাবতী একাডেমি আসমা উল হোসনা চৌধুরীর ‘বাংলা গদ্যসাহিত্য: বিবিধ বিকিরণ’ নামে প্রবন্ধের বই বের করেছে।
মেলায় প্রবন্ধের বইয়ের পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাসও আছে। বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। সংখ্যায় বেশি এসেছে কবিতার বই।
বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কবি তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’। বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৫৫৭ নম্বর স্টলে এটি পাওয়া যাচ্ছে। এতে সংকলিত সত্তরের বেশি কবিতায় প্রেম, বিচ্ছেদ ও বেদনার চিত্র উঠে এসেছে।

নতুন বই ৮২টি
বৃহস্পতিবার ছিল বইমেলার ১৫তম দিন। এদিন মেলা চলে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন আতাহার খান, ফজলুল হক তুহিন ও জামশেদ ওয়াজেদ।
মেলার তথ্যকেন্দ্রে এদিন নতুন বই জমা পড়েছে ৮২টি।
বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: মুস্তাফা জামান আব্বাসী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে শারমিনী আব্বাসীর লিখিত প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির কর্মকর্তা মোকারম হোসেন। আলোচনায় অংশ নেন আশরাফুজ্জামান বাবু। সভাপতিত্ব করেন ওয়াকিল আহমদ।
বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অগ্নিতা শিকদার মুগ্ধ। এছাড়া ছিল খালেকুজ্জামান এর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বাঁশরী’, গাজী আবদুল হাকিম এর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘অচিন পাখি’, মফিজুর রহমান লাল্টু এর পরিচালনায় ‘বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র’ এবং
সেলিনা ফারজানা কেয়া এর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বুলবুল ললিতকলা একাডেমী’ এর পরিবেশনা।
যন্ত্রাণুষঙ্গে ছিলেন সুব্রত সরকার (তবলা), ইফতেখার হোসেন সোহেল (কী বোর্ড), গাজী আবদুল হাকিম (বাঁশি) ও দীপঙ্কর রায় (অক্টোপ্যাড)।
শুক্রবার যা থাকছে
শুক্রবার মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। মেলায় বেলা ১টা পর্যন্ত সময়কে শিশুদের জন্য বিশেষায়িত 'শিশুপ্রহর' ঘোষণা করা হয়েছে।
সকাল ১০:৩০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
বিকাল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: বদরুদ্দীন উমর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন ফিরোজ আহমেদ। আলোচনায় অংশ নেবেন সুমন রহমান। সভাপতিত্ব করবেন আনু মুহাম্মদ। বিকাল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।