১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদাবরে কারখানায় হামলা, থানা ঘেরাওয়ের পর গ্রেপ্তার ৫

আসামিরা বিভিন্ন সময় চাঁদা চেয়ে আসছিল বলে অভিযোগ কারখানা মালিকের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 12:31 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

ঢাকার আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার জেরে থানা ঘেরাওয়ের পর ‘হামলাকারী’ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদাবর থানার ওসি আব্দুল মালেক রোববার বলেন, “৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে কারখানার মালিক মুস্তাফিজুর রহমান একটি মামলা করেছেন। এর মধ্যে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

গ্রেপ্তাররা হলেন- রোহান খাঁন রাসেল (৩০), মারুফ (৩৫), হাসান (২৩), মো. রায়হান (২২) ও মো. রোমান (২৪)।

আদাবরের মুনসুরাবাদ ১২ নম্বর সড়কে মুস্তাফিজুরের এমব্রয়ডারি কারখানা রয়েছে। হামলাকারীরা বিভিন্ন সময়ে তার কাছ থেকে চাঁদা চেয়ে আসছিল বলে অভিযোগ তার।

মামলার বিবরণ অনুযায়ী, শনিবার রাত পৌনে ১০ টার দিকে কারখানার শ্রমিকরা কাজ শেষে বেতন-ভাতা নিয়ে বের হলে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আসামিরা।

শ্রমিকরা ভয়ে আবার কারখানায় ফেরত গেলে আসামিরা সামুরাই, চাপাতি, ছুরিসহ প্রবেশ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় কারখানার শ্রমিক তোফায়েল ও হাফিজ আহমেদ বাধা দিলে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। পরে হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে গেলে আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয় বলে ভাষ্য কারখানা মালিকের।

পুলিশ জানায়, এ ঘটনার বিচার চেয়ে মধ্যরাতে আদাবর থানা ঘেরাও করেন ওই কারখানার শ্রমিকরা। তারা থানার সামনে মধ্যরাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর অভিযান চালিয়ে প্রধান আসামি রাসেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।