Published : 02 Apr 2026, 07:32 PM
পেট্রোল পাম্পগুলো যানবাহনের দীর্ঘ লাইন এবং ক্রমান্বয়ে যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তা কি দেখতে পাচ্ছেন না? জাতীয় নাগরিক পার্টি-এনসিপির একজন সদস্যের এ প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বললেন, ‘এটা ঠিক না’।
বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহের সংকট নিয়ে এনসিপির সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) সম্পূরক প্রশ্ন করেন।
এদিন বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন বসে।
প্রশ্নোত্তর পর্বে এনসিপির সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী একটি বিবৃতি দিয়ে বলেছিলেন, জ্বালানি তেলের সংকট নেই। যারা যাচ্ছেন যথাযথ সেবা পাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে ক্রমান্বয়ে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজ (গতকাল) সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন, সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। কিন্তু দুঃখজনক বিষয় মন্ত্রীরা এই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।
“জ্বালানিমন্ত্রী এই সমস্যাটি স্বীকার করার পরিবর্তে আগের মতো এড়িয়ে যাচ্ছেন।”

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্ত্রীর কাছে জানতে চান, “উনি (মন্ত্রী) কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ লাইন এবং ক্রমান্বয়ে যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে সমাধান দেবেন এবং উনি সমস্যাটি স্বীকার করবেন কি না?”
জবাবে মন্ত্রী বলেন, “প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। কিন্তু ইরান (যুদ্ধের) ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বেড়ে যাওয়ার ফলে এই পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল দিতাম, একদিন দেড় দিন লাগতো বিক্রি করতে, এখন দুই ঘন্টায় শেষ হয়ে যায়।”
তিনি বলেন, “সেজন্য মানুষের যে প্যানিক বায়িংটা শুরু হয়েছে। লাইন দেখা যায়, কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না, পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়।”
পরে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ফ্লোর নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের একটি অংশে আপত্তি তোলেন।
তার অভিযোগ, প্রশ্নে “মন্ত্রীরা” শব্দটি ব্যবহার করায় মন্ত্রিসভার সদস্য হিসেবে তার অধিকার ক্ষুণ্ন হয়েছে; তিনি ওই অংশ ‘এক্সপাঞ্জ’ করার দাবি জানান।
স্পিকার রুলিং দিয়ে বলেন, মন্ত্রী বললে ঠিক আছে, তবে ‘মন্ত্রীরা’ বলা হলে ‘রা’ অংশটি ‘এক্সপাঞ্জ’ হবে।
‘৩১টি সরকারি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে’
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীরের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সরকারি মালিকানাধীন ৩১টি শিল্পপ্রতিষ্ঠান ‘লোকসানে’ চলছে।
তিনি বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের ৫টি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ১২টি প্রতিষ্ঠান এখন ‘লোকসানি’।
দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়ার প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৫টি চিনিকল আছে; এর মধ্যে ৬টির মাড়াই কার্যক্রম স্থগিত রয়েছে।
‘অনলাইন নিউজ পোর্টাল নীতিমালা সংশোধনের কাজ চলছে’
সংসদে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অনলাইন সংবাদমাধ্যমের জন্য বিদ্যমান নীতিমালা সংশোধনের কাজ চলছে।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনলাইন পোর্টাল সংবাদ পরিবেশনের জন্য বর্তমানে অনলাইন গণমাধ্যম নীতিমালা রয়েছে। ওই নীতিমালার আলোকে বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন প্রদান করা হচ্ছে। বিদ্যমান নীতিমালা আরও যুগোপযোগী করতে সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে।”