১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের বৈধ করার সময়সীমা বাড়িয়েছে ওমান

“বর্ধিত সময়ের মধ্যে কেউ নিজ থেকে বৈধকরণের জন্য যোগযোগ করলে জরিমানাও দিতে হবে না,” বলেছেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 07:30 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধ করার মেয়াদ চলতি বছরের শেষ দিন পর্যন্ত বাড়িয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

সম্প্রতি ওমানে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ওমানের শ্রম মন্ত্রণালয় প্রকাশিত সোমবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, সে দেশে প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ ভিসা বিষয়ক ফি মওকুফের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এরপর বুধবার নিজের ফেইসবুক পেইজে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। 

তিনি লিখেছেন, “বর্ধিত সময়ের মধ্যে কেউ নিজ থেকে বৈধকরণের জন্য যোগযোগ করলে জরিমানাও দিতে হবে না। যাদের বৈধ কাগজ নেই, তাদের এই সুযোগ গ্রহণ করার অনুরোধ করছি।” 

বিষয়টি নিয়ে প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন আইন উপদেষ্টা।

বাংলাদেশ দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—

>> প্রবাসীদের জন্য মেয়াদোত্তীর্ণ ‘কাজের ভিসা’ নবায়ন এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সকল প্রকার জরিমানা (মাসিক ও অন্যান্য) মওকুফ প্রদান করা হয়েছে।

>> অন্য যেকোনো প্রকার মেয়াদোত্তীর্ণ ভিসার ক্ষেত্রে (ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, ইত্যাদি) রয়্যাল ওমান পুলিশ (আরওপি) আরোপিত জরিমানা (মাসিক ও অন্যান্য) ব্যতিরেকে নিজ দেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তন করার সুযোগ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাসে ই-পাসপোর্ট এনরোলমেন্টসহ অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার ক্ষেত্রে আগের মত দিনের অ্যাপয়েন্টমেন্টধারী সেবাপ্রার্থীদের অগ্রাধিকারভিত্তিতে সেবা প্রদান সম্পন্ন করা হচ্ছে। 

এছাড়া, ভিসা মেয়াদোত্তীর্ণ সেবাপ্রার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের এ সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে দূতাবাস। এ বিষয়ে সকলের সহযোগিতাও চাওয়া হয়েছে।