১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার বাসভবনমুখী পোশাকশ্রমিকদের পদযাত্রা আটকাল কাকরাইলে

শ্রমিকরা বলছেন, টাকা না পেলে তারা জায়গা ছাড়বেন না।

প্রধান উপদেষ্টার বাসভবনমুখী পোশাকশ্রমিকদের পদযাত্রা আটকাল কাকরাইলে
পুলিশের বাধা পেয়ে বৃষ্টির মধ্যেই কাকরাইলের রাস্তায় অবস্থান নেন পোশাকশ্রমকিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 05:42 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

বকেয়া পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পোশাকশ্রমিকদের পদযাত্রা কাকরাইল মোড়ে আটকে দিয়েছে পুলিশ। 

মঙ্গলবার বেলা ৩টার দিকে পল্টনের শ্রমভবন থেকে মিছিল নিয়ে পোশাকশ্রমিকদের ‘মার্চ টু যমুনা’ রওনা হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন মোড়ে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে। 

শ্রমিকরা পরে সেখানে রাস্তাতেই বসে পড়েন বলে জানান ডিএমপি ট্রাফিক রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল হান্নান খান।

তিনি বলেন, “পুলিশের বাধা পেয়ে তারা সড়কে বসে পড়েছে। এতে মৎস্যভবন থেকে কাকরাইলগামী যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে কাকরাইল থেকে মৎস্যভবনগামী যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

বিক্ষোভরত শ্রমিকদের ভাষ্য, তারা গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি গার্মেন্টস প্রতিষ্ঠানে কাজ করেন। তাদের ১৪ মাস ধরে বেতন ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে।

শাহ পরান নামের এক শ্রমিক বলেন, “মালিকপক্ষ আমাদের সঙ্গে প্রতারণা করছে। আমরা নয় দিন ধরে শ্রমভবনের সামনে অবস্থান করছি, কেউ আমাদের খবর নেয়নি। তাই বাধ্য হয়ে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দিয়েছি। টাকা ছাড়া আমরা এই জায়গা থেকে যাব না।”

শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে কাকরাইলে অবস্থান নিয়েছেন বামপন্থি কয়েকবটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও।

সেখানে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী বলেন, “আমরা শ্রমিকদের পাওনা আদায়ে দুই মাসের বেশি সময় ধরে আন্দোলন করে আসছি। আমাদের আন্দোলনে পুলিশ বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে। পাওনা পরিশোধে মিটিংয়ের পর তারিখ দেওয়া হয়, কিন্তু শ্রমিকরা বেতন পায় না।

“এদের পাওনা পরিশোধে মালিক, শ্রমিক ও সরকারের যে ত্রিপক্ষীয় কমিটি হয়েছে, সেই কমিটি বার বার সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। আমরা কোনো আশ্বাস চাই না। যতক্ষণ শ্রমিকরা তাদের শ্রম-ঘামের পাওনা পাবে না, ততক্ষণ আন্দোলন চলবে।”