Published : 11 Mar 2026, 11:03 PM
অমর একুশে বইমেলায় ইতোমধ্যে প্রকাশ হয়েছে হাজারের বেশি নতুন বই। এর মধ্যে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি এসেছে কবিতার বই। তবে সৃজনশীল সাহিত্যের মধ্যে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস ও গল্পগ্রন্থ।
মেলার জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ১৪২টি নতুন বই এসেছে মেলায়। এর মধ্যে কবিতার বই এসেছে ৪২৩টি। সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানেই আছে উপন্যাস, ১৮০টি।
এছাড়া গল্পগ্রন্থ এসেছে ১৫৭টি, প্রবন্ধ ৩৮টি, গবেষণা ৩৩টি, ছড়া ২১টি, শিশুতোষ ৫৫টি, জীবনীগ্রন্থ ৩৬টি, মুক্তিযুদ্ধ ১টি, নাটক ৫টি, বিজ্ঞান ১৭টি, ভ্রমণ ২৭টি, ইতিহাস ১৪টি, রাজনীতি ১৩টি, চিকিৎসা/স্বাস্থ্য ৬টি, ভাষা ২টি, ধর্মীয় ১৪টি, অনুবাদ ১০টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা ১টি, অনান্য বিষয়ে ৮৮টি বই এসেছে।
মেলার তথ্যকেন্দ্রে রচনাবলী এবং গণঅভ্যুত্থান বিষয়ক ক্যাটাগরি থাকলেও নতুন কোনো বই প্রকাশিত হওয়ার তথ্য বাংলা একাডেমির কাছে নেই।
গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে খ্যাতি আছে মহিউদ্দিন আহমদের। এবারও তিনি মেলায় এনেছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষণধর্মী গবেষণার বই। তবে এবারই প্রথম একটি উপন্যাসও এনেছেন।

প্রকাশনা সংস্থা অনন্যা থেকে এসেছে মহিউদ্দিন আহমদের লেখা প্রথম উপন্যাস 'শেখ মুজিবের লাল ঘোড়া'। উপন্যাসটিতে মূলত বাংলাদেশের রাজনীতির এক টালমাটাল সময়ের কথা তুলে ধরা হয়েছে। উঠে এসেছে রাজনৈতিক বেশ কিছু ঐতিহাসিক চরিত্র।
পাঠক গ্রহণ করলে আরো লিখবেন জানিয়ে মহিউদ্দিন আহমদ বলেন, "ইতিহাসকে উপজীব্য করে উপন্যাস লেখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। একটি বিশেষ সময় এবং ওই সময়ের ঘটনা ও মানুষদের নিয়ে লিখতে গেলে তথ্য নিয়ে অনেক কাজ করতে হয়। মনের মাধুরি মিশিয়ে যেমন খুশি কেচ্ছা বানানো যায় না। কিছু গবেষণা লাগে। তার সঙ্গে থাকে কল্পনার মিশেল। আমি সে চেষ্টাই করেছি।"
মেলায় অন্যপ্রকাশের স্টলে কথা বলে জানা যায়, হুমায়ূন আহমেদের লেখা পুরনো উপন্যাস এখনো ভালো বিক্রি হচ্ছে। এছাড়া নতুন কথা সাহিত্যিকদের মধ্যে সাদাত হোসেনের লেখা উপন্যাসও ভালো যাচ্ছে।
অন্যধারা প্রকাশনীতেও বিক্রি হচ্ছে সাদাত হোসেনের লেখা উপন্যাস। অনুপ্রাণন প্রকাশন থেকে বিগত কয়েক বছরে শতাধিক বই প্রকাশ হয়েছে। এর মধ্যে ২৫টির বেশি উপন্যাস রয়েছে বলে জানান প্রকাশনা সংস্থার বিক্রয়কর্মীরা।
কথাপ্রকাশ এনেছে হরিশংকর জলদাসের উপন্যাস 'ঘটোৎকচ'। এই প্রকাশনীর ব্যবস্থাপক মো. ইউনুছ বলেন, "আমরা তিনটা উপন্যাস বের করেছি। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের জীবন ও রাজনীতির প্রেক্ষাপটে লেখা ওয়াসি আহমেদের 'কার্পাস মহল' ভালো বিক্রি হচ্ছে।"
অন্বেষা প্রকাশনী থেকে বের হয়েছে ১০টি উপন্যাস। এর মধ্যে ইতিহাসনির্ভর উপন্যাস বেশি বিক্রি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
কবি শাহেদ কায়েসের কবিতার বই 'জল হাওর একতারা' প্রকাশ করেছে 'বৈভব'। বইটির ফ্ল্যাপে বলা হয়েছে, "হাওরনির্ভর জীবন ও ভূপ্রকৃতিকে কেন্দ্র করে রচিত 'জল হাওর একতারা' মূলত একটি জলজ জনপদের কাব্যমানচিত্র।"

কবি প্রকাশনীতে আছে পিয়াস মজিদের কবিতাগ্রন্থ 'তারাঝরা অনাথ আকাশে'। বেঙ্গল বুকস এনেছে অনূদিত কবিতাগ্রন্থ 'নিউ নরমাল এন্ড আদার পয়েমস' এবং পাঞ্জেরি পাবলিকেশন্স এনেছে 'নির্বাচিত কবিতা'।
চন্দ্রবিন্দু এনেছে মাজহার সরকারের কবিতার বই 'রূপ ঝরে রাধা জাগে'। বইটির প্রচ্ছদ এঁকেছেন কাজী যুবাইর মাহমুদ।
শৈল্পিক হুমায়ূনের প্রথম কবিতার বই ‘মায়ার বুব্দুদ’ প্রকাশ করেছে ‘পুণ্ড্র প্রকাশন’। বইটিতে মোট ৪৬টি কবিতা স্থান পেয়েছে। প্রেম, মায়া, মমতা, বিরহ ঘিরে রচিত হয়েছে 'মায়ার বুদ্বুদ'।
শৈল্পিক হুমায়ূন বলেন, “বুদ্বুদ শব্দটি এখানে প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। বুদ্বুদ যেমন ক্ষণিকের জন্য ভেসে ওঠে এবং তারপর মিলিয়ে যায়, তেমনি মানুষের জীবনে মায়া, প্রেম, বিরহের ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী।"
পুরনো কবিতার বইও নতুন করে প্রকাশ হচ্ছে মেলায়। মোহন রায়হানের আশির দশকের প্রকাশিত বই 'জ্বলে উঠি সাহসী মানুষ' এবং 'ফিরিয়ে দাও স্টেনগান' নতুন করে প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

এক দিনে নতুন বই ১১৩টি
বুধবার ছিল বইমেলার চতুর্দশ দিন। মেলা চলে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলার তথ্যকেন্দ্রে এদিন জমা পড়েছে ১১৩টি নতুন বই।
এদিন 'লেখক বলছি' অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন কবি হাসান হাফিজ, কবি শাহীন রেজা এবং কবি মাসুদুল হক।
বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে হয় ‘স্মরণ: এম শমসের আলী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন এ বি এম ওবায়দুল ইসলাম। আলোচনায় অংশ নেন ফারসীম মান্নান মোহাম্মদী। সভাপতিত্ব করেন আরশাদ মোমেন।
বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন কামাল মিনা, এ বি এম সোহেল রশিদ, শায়লা আহমেদ। সংগীত পরিবেশন করেন সাইদুর রহমান বয়াতি, অধ্যাপক মাহবুবা বেগম, জি এম জাকির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, শাহীনুর ইসলাম, বাউল সুভাষ বিশ্বাস, মিন্টু বাউল, নিশাত আনজুম সাকি এবং এস এম শামীম আক্তার।
যন্ত্রাণুষঙ্গে ছিলেন কৃষ্ণ চন্দ্র দাশ (তবলা), আবুল কালাম আজাদ (কিবোর্ড), মো. মামুনুর রশিদ (বাঁশি), বিশ্বজিৎ সেন (পারকেশন) এবং শাওন আহমেদ (দোতারা)।

বৃহস্পতিবার যা থাকছে
বৃহস্পতিবার মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে হবে ‘স্মরণ: মুস্তাফা জামান আব্বাসী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শারমিনী আব্বাসী। আলোচনায় অংশ নেবেন আশরাফুজ্জামান বাবু। সভাপতিত্ব করবেন ওয়াকিল আহমদ।
বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।