১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাজাহান খান ৭ দিনের রিমান্ডে

তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে বিচারক এ আদেশ দেন।

শাজাহান খান ৭ দিনের রিমান্ডে
সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে শুক্রবার আদালতে হাজির করে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 05:35 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

গণআন্দোলনের মধ্যে ঢাকার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে এক কিশোর নিহতের মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

শুক্রবার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মো. খোকন মিয়ার আবেদনে ঢাকার মহানগর হাকিম মাহবুব হোসেন তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শাজাহান খানকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা; শুনানি নিয়ে বিচারক সাত দিন রিমান্ডের আদেশ দেন।

আওয়ামী লীগের সাবেক এই এমপিকে বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে জিগাতলায় মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

ধানমণ্ডি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের সময় গত ৪ অগাস্ট জিগাতলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় মোতালিব। পরদিন তুমুল আন্দোলনের মধ্যে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ২৭ অগাস্ট মোতালিবের বাবা আব্দুল মতিন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তিনি ১৯৮৬ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

একই আসন থেকে পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন-

শাজাহান খানকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ