০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিএনজি ফিলিং স্টেশন থেকে ‘অবৈধ’ গ্যাস সরবরাহ বন্ধের দাবি

গ্যাস সরবরাহের ক্ষেত্রে পরিবহন খাত বঞ্চিত হচ্ছে বলে দাবি ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 06:25 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ, কৃত্রিম সংকট ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেছে ‘২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ’।

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সদস্য সচিব গোলাম ফারুক।

তিনি বলেন, “সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে। বরাদ্দকৃত সিএনজি শুধুমাত্র বৈধ সিএনজিচালিত যানবাহনে সরবরাহ করতে হবে। তাহলে আর দুর্ভোগ থাকবে না।”

গোলাম ফারুকের দাবি, দেশে উৎপাদিত ও আমদানিকৃত মোট গ্যাসের ২৩ থেকে ৩৬ শতাংশ শিল্পখাতে সরবরাহ করা হলেও পরিবহন খাত প্রয়োজনীয় গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। অথচ কৃষি, শিল্প, ব্যবসা ও সাধারণ মানুষের চলাচল সচল রাখতে পরিবহণ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন “আমরা গ্যাস আইন ২০১০ এবং গ্যাস বিপণন নীতিমালা ২০১৪ এর আলোকে বলতে চাই, বৈধ সিএনজি ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। অবৈধ গ্যাস সরবরাহ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২০২৪ সালে পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও এখনো কার্যকর সমাধান হয়নি।”

সংবাদ সম্মেলনে সংহঠনের আহ্বায়ক বেলাল আহমেদ বলেন “এটি স্পষ্ট যে, কোনো রাষ্ট্রের পরিবহন বন্ধ মানে সব বন্ধ। সেরকম একটি গুরুত্বপূর্ণ খাতকে একেবারে পথে বসিয়ে দিয়ে অন্য খাত সচল রাখা, এটি আমাদের প্রতি অন্যায্য এবং অন্যায়! আমরা এটা মেনে নিতে পারি না।”

পরে ২৪ ঘন্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ সদস্য সচিব ৫ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো-

দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা।

সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।

ফিলিং স্টেশনগুলোর বরাদ্দকৃত ৪.৫ শতাংশ গ্যাস অন্য কোনো খাতে যেন না যায়, সে জন্য পৃথক লাইন স্থাপন করা।

বরাদ্দকৃত সিএনজি শুধুমাত্র বৈধ সিএনজি চালিত যানবাহনে সরবরাহ নিশ্চিত করা।

‘আগে আসলে আগে সেবা’ নীতি চালু করা, কৃত্রিম সংকট রোধ ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধে নিয়মিত তদারকি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা।

সংবাদ সম্মেলনে স্কপ এর যুগ্ম সমন্বয়ক এম ফয়েজ হোসেন, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল, পরিষদের প্রেস সচিব আব্দুল্লাহ আল মারুফ উপস্থিত ছিলেন।