১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জ্বালানি ও গৃহায়নসহ ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি

আগের দুই সচিবের একজনকে সরানো হয়েছে এবং একজন অবসরে গেছেন। আরেকজন ওএসডি ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 07:57 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং গৃহায়ন ও গণপূর্তসহ চার মন্ত্রণালয় নতুন সচিব পেয়েছে। তাদের মধ্যে দুইজনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

বাকি দুই মন্ত্রণালয় হল- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগের সচিবদের মধ্যে একজনকে সরানো হয়েছে এবং একজন অবসরে গেছেন। আর ওএসডি থাকা একজনকে মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব বন্টন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (সংযুক্ত) করা হয়েছে।

প্রাথমিকে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জেসমিন নাহারকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া আরেক সচিব হলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক। তাকে সচিব হিসেবে একই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।

পৃথক আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে মো. ওবায়দুর রহমানকে। তিনি এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি ছিলেন। গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম গত ৩০ জুলাই অবসরে গেছেন।

এদিকে জ্বালানি সচিবের দায়িত্বে এমন এক সময়ে বদল আনা হল যখন মহেশখালীর একটি এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি শিল্প কারখানায় উৎপাদনেও সংকট তৈরি হয়েছে।

তবে দুই সপ্তাহ ধরে বিকল থাকা সেই টার্মিনালের মেরামত কাজ চলার মধ্যে বৃহস্পতিবার সেখান থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

সদ্য বদলি করা সচিব সাইফুল ইসলাম ২০২৪ সালের ৭ অক্টোবর থেকে এ বিভাগে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন পদে রদবদল করলেও এ বিভাগে তাকে বহাল রেখেছিল।

এখন এ দায়িত্ব পালন করবেন সদ্য পদোন্নতি পাওয়া জিয়াউল হক, যিনি এ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এমন সময়ে জ্বালানি সচিবের দায়িত্ব নিচ্ছেন, যখন দেশে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ অনেক কম। এর মধ্যে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় জুলাইয়ের শেষ সপ্তাহে সংকট আরও বেড়ে যায়।