বাসায় ফিরেছেন জ্বালানিমন্ত্রী, থাকতে হবে ‘বিশ্রামে’
জ্বালানিমন্ত্রী হাসপাতালে ছিলেন চলতি মাসের ১ তারিখ থেকে শনিবার পর্যন্ত।
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
চলতি মাসের ১ তারিখে ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে তিনি শনিবার পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি।
সোমবার দুপুরে তার ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসকদের পরামর্শে শনিবার তিনি বাসায় ফিরেছেন।
“আপাতত কয়েকদিন বিশ্রামে থাকতে হবে, এরপরই নিয়মিত ব্যস্ততায় ফিরতে পারবেন মন্ত্রী।’
জ্বালানি মন্ত্রী বাসায় যাওয়ার পর রোববার তার সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এদিন মন্ত্রণালয়ের একাধিক বৈঠকে অনলাইনে মন্ত্রী যুক্ত থাকেন বলে তার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন।
এর আগে জ্বালানিমন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদ জানিয়েছিলেন, তার বাবা তীব্র জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন।
আরও পড়ুন:
