Published : 21 Apr 2026, 04:43 PM
ইতালিতে আগামী জুন মাসে নতুন অভিবাসন নীতি কার্যকর হতে যাচ্ছে জানিয়ে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন, তখন নিরাপদ অভিবাসন নিশ্চিত হবে।
তিনি এও বলেছেন, নতুন নীতিতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া ‘দ্রুত ও সহজতর’ হবে।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাতকালে রাষ্ট্রদূত এ কথা বলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ইতালি দ্বিপক্ষীয় সম্পর্ককে চলমান রাখার পাশাপাশি এটিকে ‘বিস্তৃত’ করতে আগ্রহী ইতালি । ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বদ্ধপরিকর। অভিবাসন বিষয়টি দেশটির অগ্রাধিকার তালিকায় রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহাউদ্দিন বলেন, “ইতালির সঙ্গে নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে। সেখানে বসবাসরত বাংলাদেশিরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

“সেজন্য বাংলাদেশ- ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। বাংলাদেশ এ দ্বিপক্ষীয় সম্পর্ককে বজায় রাখাসহ অদূর ভবিষ্যতে দেশটির সঙ্গে সম্পর্ককে আরো জোরদার করতে চায়।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা, অর্থনৈতিক সহযোগিতা ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ বিষয়ক পরিচালক অনির্বাণ নিয়োগী, ইতালি দূতাবাসের হেড অব কনসুলার চ্যান্সেরি লরা শেলা উপস্থিত ছিলেন।