যে কারণে শীতের আগমনী বার্তায় বিলম্ব
ডিসেম্বরের মাঝামাঝিতে শীতকাল শুরু হলেও সাধারণত শীত অনুভূত হয় তার আগে থেকে।
কার্তিকের শেষে প্রকৃতি যে শীতের আগমনী বার্তা দিয়ে থাকে, এবার তাতে কিছুটা দেরি হচ্ছে।
সাগরে লঘুচাপ ও নিম্নচাপের প্রবণতা বেশি থাকায় উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্য এলাকায় শীত এখনো অনুভূত হচ্ছে না বলে জানিয়েছেন আবওহাওয়াবিদ কাজী জেবুন্নেসা।
তিনি মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা তার নিচে অনুভূত হলে আমরা শীতের আগমন বলতে পারি।
“কিন্তু পোস্ট মনসুনে এবার সাগরে নিম্নচাপ ও লঘুচাপের প্রবণতা দেখা যাচ্ছে। একটি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হয়েছিল, তবে আমাদের (বাংলাদেশ) উপকূলে আঘাত হানেনি। সাগরের এমন প্রবণতার কারণে এবার শীতের আগমনীতে দেরি হচ্ছে।”
কাজী জেবুন্নেসা বলেন, “উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে, তাই বলা যায় ওই জেলাগুলোতে শীতের আগমন হয়ে গেছে। তবে এবার অন্যান্য অঞ্চলগুলোতে শীতের আগমনে একটু দেরি হচ্ছে।”
পঞ্জিকার হিসাবে এখন হেমন্ত ঋতু চলছে, এরপর অগ্রহায়ণ পেরিয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে শীতকাল শুরু হলেও শীত অনুভূত হয় তার আগে থেকে।
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফের তেঁতুলিয়ায়। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায়, ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।
