১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাফরুলে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: অস্ত্র মামলায় গ্রেপ্তার আসামি রিমান্ডে

শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, বলেন প্রসিকিউশনের এসআই ওয়াজেদ।

কাফরুলে যুবদল কর্মীকে গুলি করে হত্যা: অস্ত্র মামলায় গ্রেপ্তার আসামি রিমান্ডে
নিহত ইউসুফ আলী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 07:37 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ঢাকার কাফরুল এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই ইউসুফ আলী ভূঁইয়া আসামি চঞ্চল মোল্যাকে অস্ত্র মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডের আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী খান জানিয়েছেন।

তিনি বলেন, শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল এলাকায় ইউসুফকে গুলি করে একদল অস্ত্রধারী। তাদের গুলিতে আহত হন আরো দুই জন। পরে লোকজন মো. চঞ্চল মোল্যাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

মামলার বিবরণীতে বলা হয়েছে, কাফরুল থানা বিএনপির সদস্য সচিব মো. হাফিজুল ইসলাম বাবু ও ইউসুফসহ কয়েকজন কথা বলছিলেন। এ সময় আসামি চঞ্চল ও তার সহযোগীরা ‘পূর্ব পরিকল্পিতভাবে’ ইউসুফকে লক্ষ্য করে গুলি করেন। গুলি তার বুকের ডান পাশে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। তিনি মাটিতে পড়ে গেলে লোকজন আতঙ্কে ছুটাছুটি শুরু করে। 

এ সময় আসামিদের এলোপাথাড়ি গুলিতে সবজি বিক্রেতা নালাম সরদার ও পথচারী মো. মনির হোসেন গুলিবিদ্ধ হন।

মামলায় বলা হয়েছে, লোকজন গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পালানোর সময় কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকার একটি দোকানের সামনে থেকে চঞ্চল মোল্যাকে লোকজন আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পুলিশ তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ কলে। জিজ্ঞাসাবাদে আসামি চঞ্চল নিজের পরিচয় দেন। পাশাপিাশি জিহাদ মোল্লা, মো. জিয়ারুল ও হাসানসহ কয়েকজনের নাম বলেন, যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ।

এদিকে ইউসুফ হত্যার ঘটনায় তার পরিবারও একটি মামলা করেছে।