০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে রিকশা গ্যারেজ মালিকের মৃত্যু

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 11:42 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

ঢাকার কদমতলীর পূর্ব জুরাইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাটারিচালিত রিকশা গ্যারেজ মালিকের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।

রোববার সন্ধ্যায় পূর্ব জুরাইন চেয়ারম্যান বাড়ি কলেজ রোডে ‘সিকদার অটোরিকশা গ্যারেজে’ বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন ৪০ বছর বয়সি জাহাঙ্গীর শিকদার।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জাহাঙ্গীর শিকদার মাদারীপুরের রাজৈর থানা এলাকার ইস্কান্দার শিকদারের ছেলে। তিনি পূর্ব জুরাইন এলাকায় সপরিবারে বসবাস করতেন।

জাহাঙ্গীরের ভাই সজল খান বলেন, তার ভাই ৪-৫টা ব্যাটারিচালিত রিকশা নিয়ে একটি গ্যারেজে করেছিলেন। এর পাশাপাশি বৈদ্যুতিক কাজও করতেন তিনি। সন্ধ্যার দিকে সবগুলো রিকশা ভাড়ায় বাইরে ছিল।

গ্যারেজে কাজ করার সময় ‘অসাবধানতাবশত’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ওষুধের দোকানে নিয়ে যায়।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।