Published : 26 Apr 2026, 08:28 PM
এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে পরীক্ষায় ৩৪ হাজার ৫৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন বহিষ্কার হয়েছেন ৪০ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, রোববারের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৫৯৯ জন এসএসসি পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ১৪ হাজার ৯৬৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় ৩ হাজার ৪৯২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।
তৃতীয় দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দাখিলের গণিত এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীদের গণিত-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। পরে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য জানানো হয়।
পরীক্ষা ব্যবস্থাপনায় ‘ব্যাপক কড়াকড়ি’ এবং সিসিটিভি নজরদারির মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে সারাদেশে নকল ও অসদুপায় অবলম্বন করায় ৪০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ২১ জন এসএসসি পরীক্ষার্থী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৫ জন দাখিল পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৪ জন পরীক্ষার্থী রয়েছেন৷
এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে গেল ২১ এপ্রিল। এবার দেশের প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার জন্য ফর্ম পূরণ করেছে। ২০ মে শেষ হবে তত্ত্বীয় পরীক্ষা। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, তৃতীয় দিনে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৮ হাজার ৩৪৬ জন। যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ১৯ হাজার ৭৭৪ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৫৯৯ জন৷
এরমধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৮ হাজার ৬৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৫ হাজার ৪১ জন অংশগ্রহণ করেন। এখানে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৫৯৯ জন। এ বোর্ডের একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৫৪ হাজার ৭১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৯ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডের তিনজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
কুমিল্লা বোর্ডে ১ লাখ ২২ হাজার ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪১৯ জন অনুপস্থিত ছিলেন এবং বহিষ্কৃত হয়েছেন একজন।
যশোর বোর্ডের ১ লাখ ২২ হাজার ৪২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৭৭ জন। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৫ হাজার ৮৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৬৬ জন অনুপস্থিত ছিলেন এবং বহিষ্কৃত হয়েছেন পাঁচজন পরীক্ষার্থী
সিলেট বোর্ডে ৭২ হাজার ৩১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮৩১ জন এবং বহিষ্কৃত হয়েছেন একজন। বরিশাল বোর্ডের ৭৩ হাজার ৮৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী এবং বহিষ্কৃত হয়েছেন আটজন।
এছাড়া দিনাজপুর বোর্ডে ১ লাখ ৫০ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৮৭ জন। আর ময়মনসিংহ বোর্ডে ৮৬ হাজার ৮৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৮ জন এবং বহিষ্কৃত হয়েছেন দুইজন।
এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৮৩ হাজার ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ২ লাখ ৬৮ হাজার ১০৯ জন। অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থী।
আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত-২ বিষয়ের পরীক্ষায় মোট কেন্দ্র ছিল ৬৫৩টি। মোট ১ লাখ ২৫ হাজার ৫৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২২ হাজার ৮৯ জন অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৯২ জন।