১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আসিফের অস্ত্রের ম্যাগাজিন ‘শুধুই ভুল’, বুঝতে পেরেছেন জাহাঙ্গীর

“আইনটি যেহেতু পুরো দেখি নাই, এ ব্যাপারে মন্তব্য করব না,” অস্ত্রের লাইসেন্সের ন্যুনতম বয়স প্রসঙ্গে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 07:00 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ‘ভুল করে’ আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন নিজের ব্যাগে নিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন, তাহলে কোনো অবস্থাতেই নিতেন না।"

রোববার দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতব্যাগে একটি ম্যাগাজিন ধরা পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। 

পরে উপদেষ্টা ফেইসবুক পোস্টে লেখেন, "ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়।" 

সেটি নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের বলেও দাবি করেন তিনি।

এক সাংবাদিক বলেন, অস্ত্রের লাইসেন্স পেতে হলে অন্তত ৩০ বছর বয়স হতে হয়। সেক্ষেত্রে বয়স না হওয়ার পরও তিনি সেটি কীভাবে পেলেন?

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আইনটি যেহেতু আমি পুরো দেখি নাই, এ ব্যাপারে মন্তব্য করব না।"

বিমানবন্দরে নিরাপত্তার জন্য সবাইকে যেন সমান চোখে দেখা হয়, সে বিষয় উল্লেখ করে তিনি বলেন, "কেউ যেন সুবিধা না পায়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, “ভুল করে ম্যাগাজিন নিয়ে যাওয়ার বিষয়টি কি আপনি জেনে বলছেন?”

উপদেষ্টা জবাব দেন, "ওনার সঙ্গে তো আমার কথা হয়নি। কিন্তু জিনিসটা তো বোঝাই যায়।"

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় ১ জুলাই থেকে ৫ অগাস্টের কর্মসূচি ঘিরে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, "আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের একটা বড় ইভেন্ট। বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের অনেক অনুষ্ঠান থাকবে। অনুষ্ঠানগুলো কীভাবে নির্বিঘ্ন করা যায়, সেসব ব্যাপারেই আলোচনা হয়েছে।

"অনুষ্ঠানগুলোর ব্যাপারে কোনো হুমকি নেই; সবাই অংশগ্রহণ করবে।"

কুমিল্লার মুরাদনগরসহ ধর্ষণের একাধিক অভিযোগ তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, দেশের লোকজন কি আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় পায় না?

জবাবে উপদেষ্টা বলেন, "না, এরকম কিছু নয়। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিয়েছে। যে দোষ করেছে, তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেওয়া হয়েছে।

"আইনশৃঙ্খলা নিয়ে জনগণের পারসেপশন এখন অনেক ভালো; উন্নতি হচ্ছে।"

আরও পড়ুন

ব্যাগে ম্যাগাজিন, উপদেষ্টা আসিফ বললেন ‘লাইসেন্স করা' অস্ত্রের