১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হালনাগাদের পৌনে ৪৬ লাখ ভোটারের তালিকা প্রকাশ

আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ অগাস্ট।

হালনাগাদের পৌনে ৪৬ লাখ ভোটারের তালিকা প্রকাশ
যাত্রাবাড়ীর ধলপুর সিটি করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলছে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ এর কার্যক্রম। এই কার্যক্রমে তথ্য সংগ্রহের শেষদিন ছিল সোমবার। ছবি: আব্দুল্লাহ আল মমীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 01:15 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রোববার এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ পরিচালক শরিফুল আলম।

তিনি বলেন, “সারাদেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন।”

এতো কোনো ভুল-ভ্রান্তি থাকলে তা সংশোধনে আবেদনের জন্য ১২ দিন রয়েছে বলে জানান শরিফুল আলম।

তিনি বলেন, সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়ায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য ২১ অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে। ২৪ অগাস্টের মধ্যে সেই সব আবেদন নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসার। এরপর অন্যান্য কাজ শেষে ৩১ অগাস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এবারের হালনাগাদে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তালিকা থেকে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত ভোটারের নাম কাটা পড়েছে। খসড়া এ হিসাব অনুযায়ী, দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

ইসি সচিব আখতার আহমেদ রোববার দুপুরে নির্বাচন ভবনে বলেন, আইন অনুযায়ী এ বছরের ২ মার্চ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে আরেকবার হালনাদাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, ভোটের আগে ৩১ অক্টোবর সবশেষ ভোটার তালিকা প্রকাশিত হবে। তখন জানা যাবে চূড়ান্ত সংখ্যা।

ইসি সচিব আখতার বলেন, “আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করানোর জন্য নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে।”

আরও পড়ুন

হালনাগাদের সাড়ে ৪৪ লাখ ভোটারের খসড়া ১০ অগাস্ট

ভোটের প্রস্তুতি তুলে ধরলেন ইসি সচিব